বিদিশা এরশাদের বাবা কবি আবু বকর সিদ্দিককে গুরুতর অসুস্থ অবস্থায় খুলনা সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার রাতে তাকে হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্রে) স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কবির কন্যা বিদিশা সিদ্দিক। তিনি দেশ রূপান্তরকে বলেন, আব্বাকে আইসিইউতে নেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডাক্তাররা।
৯০ বছর বয়সী কবি আবু বকর সিদ্দিক দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। তিনি ১৯৩৪ সালের ১৯ আগস্ট মামারবাড়ি বাগেরহাট সদরের গোটাপাড়ায় জন্মগ্রহণ করেন। তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে ২০টি অধিক কাব্যগ্রন্থ, চারটি উপন্যাস, ১৫টি গল্পগ্রন্থ ও একটি ছড়াগ্রন্থ।
তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলাদেশ কথাশিল্পী সংসদ পুরস্কার, বাংলাদেশ লেখিকা সংঘ পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে থেকে আবু বকর সিদ্দিক ১৯৫৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর পর্যায়ক্রমে চাখার ফজলুল হক কলেজ, দৌলতপুর বিএল কলেজ, কুষ্টিয়া কলেজ, বাগেরহাট পিসি কলেজ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।
১৯৯৪ সালের ৭ জুলাই তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে অবসরগ্রহণ করেন।
তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে অন্যতম ধবল দুধের স্বরগ্রাম (১৯৬৯), বিনিদ্র কালের ভেলা (১৯৭৬), হে লোকসভ্যতা (১৯৮৪), মানুষ তোমার বিক্ষত দিন (১৯৮৬)।