মহানবী (সা.) কে কটূক্তি

খুলনায় গণপিটুনির শিকার সেই যুবক মারা যাননি: আইএসপিআর

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৬ পিএম

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করায় খুলনায় উৎসব মণ্ডল নামের এক যুবককে গণপিটুনি দিয়েছিল উত্তেজিত জনতা। গণপিটুনির পর সে জীবিত নাকি মৃত তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। সামাজিক মাধ্যমেও ওই যুবক মারা গেছে বলে প্রচার করা হয়। তবে ওই যুবক বর্তমানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন এবং তিনি আশঙ্কামুক্ত। 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বুধবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে খুলনা নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় গণপিটুনির শিকার হন সেই যুবক। 

আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বুধবার (৪ সেপ্টেম্বর) শ্রী উৎসব (২২) মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তিমূলক পোস্ট করায় স্থানীয় জনগণ তাকে আটক করে ডেপুটি কমিশনার পুলিশ, খুলনা (দক্ষিণ) এর কার্যালয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপস্থিত হয়। পরবর্তীতে ওই স্থানে ৩০০০ থেকে ৩৫০০ জন স্থানীয় জনগণ উপস্থিত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং অভিযুক্ত যুবককে প্রকাশ্যে শাস্তি দেওয়ার জন্য আন্দোলন করতে থাকে। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় কিছু উশৃঙ্খল জনতা ডেপুটি কমিশনার পুলিশ, খুলনা (দক্ষিণ) এর কার্যালয়ে প্রবেশ করে অভিযুক্ত যুবককের উপর আক্রমণ চালায়। সশস্ত্র বাহিনীর সদস্যদের আপ্রাণ চেষ্টায় তাকে জীবিত উদ্ধার করা হয়। বর্তমানে তিনি সেনাবাহিনীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন এবং তিনি আশঙ্কামুক্ত।

উল্লেখ্য, ধর্মীয় মূল্যবোধে আঘাত হানার কারণে ওই যুবকের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তার সুস্থতা সাপেক্ষে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হস্তান্তর করা হবে। বাংলাদেশ সেনাবাহিনী বিচার বহির্ভূত হত্যাকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার ক্ষেত্রে সর্বদা সচেষ্ট। এক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত উক্ত যুবকের মৃত্যু সংক্রান্ত গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত