ম্যানচেস্টার সিটির হয়ে সব পাওয়া হয়ে গেছে পেপ গার্দিওলার। তার সামনে এখন নতুন চ্যালেঞ্জ। সেটা ট্রফিগুলো ধরে রাখা। তবে সেই সম্ভাবনায় ইংলিশ প্রিমিয়ার লিগে একটু পিছিয়েই আছে সিটি। ঘরের মাঠে সর্বশেষ তিন ম্যাচ ড্র আর সর্বশেষ ছয় ম্যাচে মাত্র একটিতে জিতে পয়েন্ট তালিকার পাঁচে নেমে গিয়েছিল ম্যানচেস্টারের ক্লাবটি।
তবে গত রাতে এভারটনের বিপক্ষে ৩-১ ব্যবধানের ঘুরে দাঁড়ানো জয়ে আবারও শীর্ষ চারে উঠে এসেছে।
১৮ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে সিটি। পাঁচে নেমে যাওয়া টটেনোম হটস্পারের পয়েন্ট ৩৬। শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৪২।
ঘরের মাঠ গুডিসন পার্কে কাল ম্যাচের ২৯ মিনিটে জ্যাক হ্যারিসনের গোলে এগিয়ে গিয়েছিল এভারটন। প্রথমার্ধে পিছিয়ে পড়াটাই বোধ হয় দ্বিতীয়ার্ধে তাতিয়ে দিয়েছিল সিটিকে। বিরতির পর মাঠে নামার ৮ মিনিটের মধ্যে সমতায় ফেরে বর্তমান চ্যাম্পিয়নরা। গোল করেন ফিল ফোডেন।
সিটির ঘুরে দাঁড়ানোর শুরুও সেখান থেকে। এরপর এক কর্নারে খুলে যায় আরেকটি গোলের দুয়ার। নাথান আকে কর্নার কিকে বল পাঠান ডি–বক্সে জটলার মধ্যে। বল এভারটন মিডফিল্ডার আমাদু ওনানার হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে সিটিকে এগিয়ে দেন এক বছরেই ‘সর্বজয়ী’ হুলিয়ান আলভারেজ। শেষ দিকে ব্যবধান বাড়ান বের্নার্দো সিলভা।
এ জয়ের মধ্য দিয়ে একটা রেকর্ডও গড়েছেন গার্দিওলা। এভারটন কোচ শন ডাইকের বিপক্ষে সবচেয়ে বেশি ম্যাচ জেতা কোচ এখন তিনিই। ওয়াটফোর্ড, বার্নলি ঘুরে এভারটনের দায়িত্ব নেওয়া ডাইকের বিপক্ষে ১৭ ম্যাচের ১৬টিতে জিতেছেন গার্দিওলা, অন্যটিতে করেছেন ড্র। এই ১৭ ম্যাচে গোলের অর্ধশতও পূরণ করেছে গার্দিওলার দল। ডাইকের দলের ৬ গোলের বিপরীতে গার্দিওলার সিটি করেছে ৫২ গোল।
ঘুরে দাঁড়ানো জয়ে শীর্ষ চারে উঠে আসার পর হুংকারই ছুড়েছেন গার্দিওলা।
৫২ বছর বয়সী স্প্যানিশ কোচ বলেছেন, ‘এ কারণেই আমরা বিশ্ব চ্যাম্পিয়ন, বিশ্বসেরা দল। এখন থেকে বিষয়টি প্রতিদিন মনে করিয়ে দিতে চাই। আমাদের মান বজায় রাখতে হবে। আমরা নিচে নেমে যেতে পারি না।’
ফিফা ক্লাব বিশ্বকাপ খেলতে সৌদি আরবে গিয়েছিল ম্যানচেস্টার সিটি। সফল অভিযান শেষে ফেরার পথেই নাকি এভারটনের বিপক্ষে ম্যাচ নিয়ে পরিকল্পনা সাজিয়েছেন সিটির খেলোয়াড়রা।