রাশিয়ার নাইটক্লাবে ‘প্রায় বিবস্ত্র’ পার্টি ঘিরে ব্যাপক সমালোচনা

দুই বছর হতে চললো রাশিয়ার সেনারা ইউক্রেনে যুদ্ধ করছে। উচ্চপদস্থ সেনা কর্মকর্তা থেকে শুরু করে  বিপুল সংখ্যক রুশ সেনার প্রাণ গেছে এই যুদ্ধে। দেশে মূল্যস্ফীতির ঊর্ধগতি, ডিমের দাম চড়া। তাই সাধারণ বিশেষ করে জাতীয়তাবাদী রুশদের কাছে এখন সময়টা উৎসবের নয়। কিন্তু এরই মাঝে মস্কোর নাইটক্লাবে ‘প্রায় বিবস্ত্র’ পার্টি করেছেন সংগীত ও বিনোদন জগতের একদল তারকা। এই অর্ধনগ্ন পার্টিকে ঘিরে তাই সমালোচনায় সরব হয়েছেন রুশরা। ইতিমধ্যে পার্টি কেবল লম্বা এক মোজা পরে কোনোরকমে গোপনাঙ্গ ঢেকে আসা এক তারকা র‍্যাপ শিল্পীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে রুশ কর্তৃপক্ষ। শুধু তা-ই নয়, রাশিয়ার সংবাদমাধ্যমগুলো বলছে- যুদ্ধের মধ্যে এমন উদ্ভট পার্টির খবর শুনে মোটেও নাখোশ হয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত ২১ ডিসেম্বর মস্কোর মুতাবর নাইটক্লাবে এই পার্টির আয়োজন করেন ব্লগার অ্যানাস্তাসিয়া (নাস্তিয়া) ইভলিভা। তার আমন্ত্রণে আসেন কয়েকজন সুপরিচিত সংগীত, টেলিভিশন তারকারা। পারলে কাপড় না পরেই আসো, এমন চিন্তার এই পার্টিতে স্বল্প পোশাকে আসেন রাশিয়ার এলিট-বুর্জোয়া শ্রেণির লোকেরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই পার্টির ভিডিও-খবরে প্রথম নেতিবাচক প্রতিক্রিয়া আসতে শুরু করে যুদ্ধক্ষেত্রে থাকা রুশ সেনাদের কাছ থেকে। এমনকি স্বয়ং পুতিনের কাছেও এই পার্টির ছবি পাঠিয়েছেন সামরিক গোয়েন্দারা।    

এ বিষয়ে গতকাল বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের কাছে সাংবাদিকরা প্রশ্ন করেন। জবাবে পেসকভ ক্ষমা চেয়ে বলেন, জনগণের সামনে এমন লজ্জাজনক ব্যাপার নিয়ে তিনি কথা বলতে চান না। তিনি সাংবাদিককেও অনুরোধ করেন, ‘আসুন, অন্তত আমি এবং আপনি ওই ঘটনা নিয়ে আলোচনা না করি।’  

প্রসঙ্গত, রাশিয়া ইউক্রেনে যুদ্ধ শুরু করার পর একাধিকবার সাধারণ রুশ জনগণ ও দেশটির বুর্জোয়া অর্থাৎ সম্ভ্রান্ত ধনী শ্রেণির মধ্যকার বৈষম্য পশ্চিমা সংবাদমাধ্যমে ফলাও করে প্রকাশিত হয়েছে। এমনকি নিহত হওয়ার আগ পর্যন্ত রাশিয়ার ভাড়াটে সেনাগোষ্ঠী ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন বার বার যুদ্ধক্ষেত্রে সাধারণ রুশ সেনারা মরছে আর মস্কোর ধনীরা নিরাপদে আছে, এমন অভিযোগ করে এসেছেন।