টেসলায় রোবটের আক্রমণে প্রকৌশলী আহত!

ধনকুবের ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার একটি কারখানায় স্বয়ংক্রিয় রোবটের আক্রমণে মারাত্মক আহত হন এক প্রকৌশলী। দুই বছর আগের এই ঘটনা সম্প্রতি প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল।  

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের টেক্সাসে টেসলার বৈদ্যুতিক গাড়ি নির্মাণ কারখানায় রোবটটি ওই প্রকৌশলীকে আঁকড়ে ধরে তার পিঠ ও হাতে ধাতব নখ দিয়ে আঘাত করে। ওই প্রকৌশলী গাড়ির জন্য একটি অ্যালুমিনিয়াম পাত থেকে গাড়ির বিভিন্ন অংশ কাটার জন্য রোবটগুলোকে প্রোগ্রাম করছিলেন। এসময় দুটি রোবট অচল হয়ে পড়লে তা ঠিক করতে গেলে অপর আরেকটি রোবট স্বয়ংক্রিয়ভাবে সচল হয়ে ওই প্রকৌশলীকে আঘাত করে। তবে এ ব্যাপারে টেসলা এখনো কোন মন্তব্য করেনি।

যদিও ২০২১ বা ২০২২ সালে টেক্সাসের অন্য কোন কারখানায় কোন রোবট-সম্পর্কিত আঘাতের খবর পাওয়া যায়নি। ইউএস অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ অ্যাডমিনিস্ট্রেশন (ওএসএইচএ) এর কাছে জমা হওয়া আঘাতের প্রতিবেদনে দেখা গেছে গিগা টেক্সাসে সবচেয়ে বেশী কর্মী আহতের ঘটনা ঘটে। রিপোর্টে বলা হয় গত বছর গিগা টেক্সাসের প্রতি ২১ জনে একজন হারে কর্মী আহত হয়েছে।   

এদিকে টেসলার বর্তমান এবং প্রাক্তন কর্মীরা অভিযোগ করেছেন, প্রতিষ্ঠানটি প্রায়ই নির্মাণ, রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার ত্রুটিকে গুরুত্ব না দেওয়ায় কর্মীরা ঝুঁকিতে পরে।

গিগা টেক্সাসের কর্মীদের নিয়ে কাজ করা একজন আইনজীবী জানান, টেসলা তাদের কর্মীদের আহতের ঘটনা প্রায়ই লুকানোর চেষ্টা করে। আইনজীবী আরও জানান, ২০২১ সালে একজন নির্মাণ শ্রমিকের মৃত্যুর খবর গোপন করেছিল টেসলা।

দিন দিন রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর কারখানার সংখ্যা বাড়ছে। সঙ্গে নতুন এসব প্রযুক্তিতে আঘাত-প্রাণহানিও ঘটছে। গত নভেম্বরে দক্ষিণ কোরিয়ায় একটি মরিচ প্রক্রিয়াজাতকরণ কারখানায় রোবটের হাতে পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়। মূলত সবজির (মরিচের) বাক্স তুলে সেগুলো কনেভয়ার বেল্টে রাখা রোবটটি কাজ। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে রোবটটির যান্ত্রিক হাত ওই ব্যক্তিকে সবজির বাক্স ভেবে চেপে ধরে। এতে বুকে ও মুখে মারাত্মক জখম হন তিনি। এরপর দ্রুত হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যু হয় তার।