লোহিত সাগরে হামলা

এবার পাকিস্তান যাওয়ার পথে হামলার শিকার জাহাজ

বাণিজ্যিক জাহাজে হামলা এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। ভারত মহাসাগরে রাসায়নিকবাহী বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার কয়েকদিনের মাথায় এবার পাকিস্তানে যাওয়ার পথে লোহিত সাগরে একটি কনটেইনারবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বন্দর থেকে পাকিস্তানের করাচি বন্দরে যাওয়ার পথে এ হামলার ঘটনা ঘটে। এ হামলার দায় স্বীকার করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠী।

বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ।

সুইজারল্যান্ডভিত্তিক এমএসসি মেডিটেরেনিয়ান শিপিং কোম্পানির মালিকানাধীন জাহাজটির নাম ইউনাইটেড-৮। তবে হুথিদের হামলায় জাহাজে থাকা নাবিক ও কর্মীদের কেউ আহত হননি বলে জানিয়েছে কোম্পানিটি।

কোম্পানিটি আরও জানায় যে, হামলার পরপরই নিকটবর্তী নৌবাহিনীর যুদ্ধজাহাজকে জানিয়েছিল তারা। এ ছাড়া হামলাকারীদের ফাঁকি দিতে জাহাজের পথ পরিবর্তন করা হয়।

পরবর্তীতে টেলিভিশনে এক ভাষণে হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া জানান, ইউনাইটেড-৮ জাহাজের কর্মীদের সতর্কবার্তা পাঠানোর পরও কোন প্রতিক্রিয়া না জানানোয় জাহাজটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা।

অন্যদিকে পৃথক ঘটনায় ইসরায়েলি যুদ্ধবিমান লোহিত সাগরে আকাশ পথে চালানো হামলা ঠেকিয়ে দিয়েছে বলে দাবি করেছে দেশটি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে যে, মার্কিন যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ ও অন্যান্য সামরিক সরঞ্জামের মাধ্যমে লোহিত সাগরে হুতিদের ছোড়া ১২টি ড্রোন, ৩টি জাহাজ–বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ২টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে গত অক্টোবর থেকে লোহিত সাগরে বিভিন্ন যুদ্ধজাহাজে হামলা চালিয়ে আসছে হুথিরা। ইসরায়েলকে চাপে ফেলতেই এসব জাহাজে হামলা করা হচ্ছে বলে জানায় গোষ্ঠীটি।