ইউরোপীয় ইউনিয়নের স্থপতি জ্যাকস ডেলর্সের জীবনাবসান

আধুনিক ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) স্থপতি ও ইউরোপীয় কমিশনের সাবেক প্রেসিডেন্ট জ্যাকস ডেলর্স মারা গেছেন। ৯৮ বছর বয়সে বুধবার সকালে প্যারিসে নিজ বাড়িতে ঘুমের মধ্যে তার মৃত্যু হয়। তার কন্যার মুখপাত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, জ্যাকস ডেলর্স একক ইউরোপীয় মুদ্রা ইউরোর ভিত্তিও স্থাপন করেছিলেন। তিনি ১৯৮৫ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের মধ্যে মানুষ, পণ্য ও সেবার অবাধ চলাচলের ব্যবস্থা করে একক ইউরোপীয় বাজার তৈরিতে তিনি মুখ্য ভূমিকা পালন করেন। এ জন্যই ডেলর্সকে আধুনিক ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) স্থপতি বলা হয়। পাশাপাশি, ভ্রমণের জন্য শেনজেন চুক্তি এবং শিক্ষার্থী বিনিময়ের জন্য ইরাসমাস প্রোগ্রাম চালু করা হয় তার মেয়াদেই।    

ডেলর্স ১৯৮১ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত ছিলেন ফ্রান্সের অর্থমন্ত্রী। এর পর একটানা তিনবার ইউরোপীয় কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

ডেলর্সের মৃত্যুতে শোক প্রকাশ করে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, ‘ডেলর্স ছিলেন একজন ফরাসি রাষ্ট্রনায়ক। তিনি ইউরোপের অনিঃশেষ কারিগর। তার সংকল্প, আদর্শ ও ন্যায়পরায়ণতা আমাদের সবসময় অনুপ্রাণিত করবে। তার কাজ ও স্মৃতির প্রতি আমার শ্রদ্ধা। তার প্রিয়জনের সঙ্গে আমি সমভাবে ব্যথিত।’   

ইউরোপীয় কমিশনের বর্তমান প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইনও ডেলর্সের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, ‘তিনি একজন স্বপ্নদ্রষ্টা ছিলেন। তিনি ইউরোপকে শক্তিশালী করেছেন।’  

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল ডেলর্সকে একজন মহান ফরাসি ও ইউরোপীয় হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘আমাদের ইউরোপের অন্যতম নির্মাতা হিসেবে ডেলর্স ইতিহাসের পাতায় থাকবেন।’