হান্টাভাইরাসের চিকিৎসায় ব্যবহারের জন্য পরীক্ষামূলক একটি অ্যান্টিভাইরাল ওষুধের প্রথম ডোজ ফ্রান্স, স্পেন ও নেদারল্যান্ডসে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার (২৮ মে) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
হান্টাভাইরাসের নির্দিষ্ট কোনো চিকিৎসা না থাকায় ইউরোপীয় মেডিসিনস এজেন্সি ফাভিপিরাভির নামের একটি অ্যান্টিভাইরালকে সম্ভাব্য কার্যকর ওষুধ হিসেবে চিহ্নিত করেছে। এটি ক্লিনিক্যাল ট্রায়াল বা জরুরি ব্যবহারের মাধ্যমে প্রয়োগ করা হতে পারে।
জাপানের ফুজিফিল্ম ফার্মাসিউটিক্যালস ফ্রান্স, স্পেন ও নেদারল্যান্ডসের অনুরোধে ফাভিপিরাভিরের ১ হাজার ৪০০টি ট্যাবলেট অনুদান দিয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, আগামী সপ্তাহগুলোতে নতুন করে সংক্রমণ ধরা পড়লে অতিরিক্ত ওষুধ সরবরাহ নিশ্চিত করতে জরুরি ক্রয় প্রক্রিয়া শুরু করা হয়েছে।
এ পর্যন্ত একটি ক্রুজ শিপকে কেন্দ্র করে ছড়ানো এই হান্টাভাইরাসে ১৩ জন আক্রান্ত হয়েছে বলে শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের নেদারল্যান্ডস, ফ্রান্স, স্পেন, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ইঁদুরজাতীয় প্রাণী থেকে ছড়ানো এই ভাইরাসে প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় এক লাখ মানুষ আক্রান্ত হয়।
ভাইরাসটি প্রাণঘাতী হতে পারে, তবে এর তীব্রতা নির্ভর করে নির্দিষ্ট স্ট্রেইনের ওপর। এটি সাধারণত মানুষ থেকে মানুষে সহজে ছড়ায় না। সাম্প্রতিক এই প্রাদুর্ভাবের শুরু থেকে এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
