হালান্ড বর্ষসেরা, মেসি তৃতীয়

বিশ্বকাপ জয়ের সুবাদে ফুটবলের ইতিহাস ও রেকর্ড ধারণ করে রাখার সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) গত বছরের তিনটি পুরস্কার জিতেছিলেন লিওনেল মেসি। সেগুলো হলো- সেরা খেলোয়াড়, সেরা প্লেমেকার ও সেরা আন্তর্জাতিক গোলদাতা। তবে এবার হয়তো মেসিকে খালি হাতেই ফিরতে হতে পারে।

আইএফএফএইচএসের পরশু প্রকাশ করা ২০২৩ সালের সেরা ফুটবলারের চূড়ান্ত তালিকায় আর্জেন্টাইন অধিনায়ক মেসি হয়েছেন তৃতীয়। আর বর্ষসেরা ১০ গোলদাতার তালিকায় তো তার নামই নেই। মেসি ও কিলিয়ান এমবাপ্পেকে টপকে বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন আর্লিং হালান্ড। নরওয়ের তরুণ এই স্ট্রাইকার এ বছর ম্যানচেস্টার সিটির হয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ, উয়েফা সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জিতেছেন। চলতি বছর এখন পর্যন্ত ৬০ ম্যাচে করেছেন ৫০ গোল।

১৯৮৮ সাল থেকে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দিয়ে আসছে আইএফএফএইচএস। প্রথম নরওয়েজীয় ও ম্যানচেস্টার সিটির প্রথম খেলোয়াড় হিসেবে এই স্বীকৃতি পেলেন হালান্ড। 

চূড়ান্ত ভোটের পর হালান্ডের ধারেকাছেও নেই এমবাপ্পে ও মেসি। হলান্ড পেয়েছেন ২০৮ পয়েন্ট। এমবাপ্পে ১০৫ ও মেসি পেয়েছেন ৮৫ পয়েন্ট। এ বছর সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে (৫৩ গোল) উঠে এলেও ক্রিশ্চিয়ানো রোনালদো আইএফএফএইচএসের বর্ষসেরা ফুটবলারের সেরা দশেও নেই। 

তবে মেসির সামনে এখনো হয়তো আইএফএফএইচএসের পুরস্কার জয়ের সুযোগ আছে। সেরা প্লেমেকার এবং সেরা আন্তর্জাতিক গোলদাতার তালিকা এখনো প্রকাশ করেনি এই সংস্থা।