সফলভাবে সম্পন্ন হয়েছে সালাউদ্দিনের অস্ত্রোপচার

হৃদরোগে আক্রান্ত বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। তার হৃদযন্ত্রে একাধিক ব্লক ধরা পড়ায় ওপেন হার্ট সার্জারি করানো হচ্ছে। আজ সকাল ৯টার পর শুরু হওয়া অস্ত্রোপচার শেষ হয়েছে বিকেল ৪টার দিকে।

অপারেশন থিয়েটার থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে সালাউদ্দিনকে। যেখানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। অস্ত্রোপচার শেষে শিগগিরই সালাউদ্দিন সুস্থ হবেন বলে আশাবাদী বাফুফে ও তার পরিবার।

হাসপাতালে ১০ দিনের বেশি চিকিৎসাধীন থেকে রক্তচাপ, কাশিসহ শরীরের অন্য সকল বিষয় নিয়ন্ত্রণে এনে আজ সকালে সালাউদ্দিনকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়।

সকাল সাড়ে ৭টায় ফেডারেশন সভাপতিকে অপারেশন থিয়েটারে নেওয়ার পর ৯টার দিকে এনেস্থেসিয়া দেওয়া হয়, এর কিছুক্ষণ পর শুরু হয় অপারেশন। অত্যন্ত জটিল ও সংবেদনশীল অপারেশন শেষ হতে কয়েক ঘণ্টা সময় লেগেছে।