নেপাল ও ভুটানের মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে রোববার বিকেলে পর্দা নামল প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপের। দিনের শুরুতেই দাপুটে পারফরম্যান্সে মালদ্বীপকে ১৪–২ গোলের বড় ব্যবধানে হারিয়ে আগেই শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ।
শেষ ম্যাচ শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি, বাফুফের সাবেক সভাপতি কাজী মো. সালাউদ্দিন। তিনি চ্যাম্পিয়ন দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে ট্রফি তুলে দেন এবং তার গলায় স্বর্ণপদক পরিয়ে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাফুফের সদস্য ও নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ, সাফের অন্যান্য কর্মকর্তারা এবং থাইল্যান্ড ফুটবল ফেডারেশনের প্রতিনিধিরা।
প্রথম আসরের এই টুর্নামেন্টে দুর্দান্ত লড়াই করে রানার্সআপ হয়ে রৌপ্য পদক জিতেছে ভারত। তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ পদক পেয়েছে নেপাল।
যদিও এবারের আসরে আলাদা কোনো ব্যক্তিগত পুরস্কারের ব্যবস্থা ছিল না, তবুও বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন গোলের ক্ষুধা মেটান চোখে পড়ার মতোভাবে। পুরো টুর্নামেন্টে তিনি একাই করেছেন সর্বোচ্চ ১৪ গোল, যা তার নেতৃত্ব ও পারফরম্যান্সের উজ্জ্বল প্রমাণ হয়ে থাকল।
'সাবিনাকে নিয়ে আমরা গর্বিত', বললেন বাফুফে সভাপতি