বিশ্ব ক্রিকেটে তিন মোড়লের ধারণা অনেক বছর ধরেই চলে আসছে। ক্রিকেটে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার আধিপত্যে বাকি দলগুলো অনেকটা নতজানু অবস্থায়। সব ক্ষেত্রেই প্রাধান্য দেওয়া হয় তাদের চাওয়াকে। এতে বাকিদের বঞ্চিত হওয়ার অভিযোগ আগেও উঠেছে অনেকবার। নতুন করে এনিয়ে ক্ষোভ ঝাড়লেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার আলী বাখের।
২০২৪-২৭ চক্রের প্রস্তাবিত মডেলে আইসিসির আয়ের প্রায় ৪০ ভাগ পাবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যার ধারেকাছেও নেই অন্য বোর্ডগুলো। শুধু অর্থের দিক থেকেই নয়, অন্যান্য ক্ষেত্রেও গুরুত্ব দেওয়া হয় ভারতকে বেশি। ফলে, এসব নিয়ে বহুদিন ধরেই তিন মোড়লের সমালোচনা করে আসছেন অনেকে।
স্টিভ ওয়াহ-গ্রায়েম স্মিথের মতো কিংবদন্তিদের পর এবার এই সমালোচনায় যোগ দিয়েছেন বাখের। তিন মোড়ল বাকি দলগুলোকে বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করে দিচ্ছে বলে মনে করছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ও বোর্ড সভাপতি।
সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন বাখের। তার ভাষায়, ‘যখন আইসিসির ডেভেলপমেন্ট কমিটির সভাপতি ছিলাম, আমার উদ্দেশ্য ছিল খেলাটি ছড়িয়ে দেওয়া। কিন্তু এখন তেমন দেখা যাচ্ছে না। ক্রিকেটে আধিপত্য দেখাচ্ছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড। এতে করে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ বঞ্চিত হচ্ছে। এটা ভালো বিষয় নয়।’
দক্ষিণ আফ্রিকার হয়ে ১২ টেস্ট খেলা বাখের আরো বলেন, ‘আপনাকে খেলাটির প্রসার ঘটাতে হবে। তবে সমস্যাটা হলো, বিশ্ব ক্রিকেটের অর্থে ভারতে আধিপত্য। বিশ্ব ক্রিকেটের ৭০ ভাগ অর্থ আসে ভারতের মাধ্যমে। তবে আমার গভীর আবেগ ছিল ছোট দলগুলোর উন্নয়ন দেখতে চাওয়ায়।’