ধ্বংসস্তূপ থেকে টানলেন মার্শ-স্মিথ

বোলারদের এনে দেওয়া সাফল্যকে ম্লান করে দিয়েছেন আব্দুল্লাহ শফিক আবার। ১৬ রানে ৪ উইকেট হারানো অস্ট্রেলিয়াকে স্থিতি দেওয়ার চেষ্টায় মিচেল মার্শ কুড়ি রানে তখন। অজিদের স্কোর ৪৬। আমের জামালের বলে ড্রাইভ করতে গিয়ে স্লিপে ক্যাচ তুলে দেন মার্শ। সহজ ক্যাচ, কিন্তু ফেলে দিলেন ওই শফিক। অস্ট্রেলিয়া তখন মাত্র ১০০ রানে এগিয়ে। সে সময় মার্শ ফিরে গেলে মেলবোর্নে বক্সিং-ডে টেস্টের গল্পটা অন্যভাবে লেখা হতে পারত। কিন্তু জীবন ফিরে পেয়ে স্মিথকে নিয়ে ১৫৩ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের সংগ্রহকে ৬ উইকেটে ১৮৭ রানে তুলে নিয়েছেন মার্শ। তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়া এগিয়ে গেছে স্বস্তিকর ২৪১ রানে । হাতে এখনো ৪ উইকেট।