যুক্তরাজ্যের উত্তরাঞ্চলে ঝড়ের আঘাতে তিনজনের প্রাণহানি ঘটেছে। এসক নদীতে গাড়ি ডুবে যাওয়ায় তারা প্রাণ হারান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার আবহাওয়ার পরিস্থিতি গাড়ি চালানোর জন্য বিপজ্জনক ছিল। এদিন ঝড় গেরিটের আঘাতে একটি গাড়ি নদীতে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা বিকালের দিকে নদী থেকে গাড়িটি উদ্ধার করে। দুঃখজনকভাবে গাড়ির ভেতরে থাকা তিনজনই প্রাণ হারায়।
নর্থ ইয়র্কশায়ার পুলিশ জানিয়েছে, তাদের সাহায্য করতে এগিয়ে আসা অন্য এক ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অপরদিকে গ্রেটার ম্যানচেস্টারের কিছু অংশে বজ্রপাত ও ঝড়ের আঘাতে প্রায় ১০০টি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় অন্ধকারে ছিল হাজার হাজার বাড়ি।
যুক্তরাজ্যের বেশ কয়েকটি অঞ্চল বিশেষ করে স্কটল্যান্ড ও উত্তর ইংল্যান্ডে বুধবার থেকে ঝড় গেরিট ব্যাপকভাবে আঘাত হানে। এর প্রভাবে এসব অঞ্চলে ভারী বৃষ্টি ও তুষারপাত হয়। স্কটল্যান্ডের অ্যাবারডিনশায়ারে ঘণ্টায় সর্বোচ্চ ১৩৬ কিলোমিটার বেগে বাতাস বয়ে যায়।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী রবিবার নববর্ষের আগে আবারও শক্তিশালী বাতাস বয়ে যেতে পারে। এছাড়াও সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের।