মোটরসাইকেলে নৌকা বানিয়ে ব্যতিক্রমী প্রচারণা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় সময় পার করছেন প্রার্থী ও সমর্থকরা। নির্বাচন উপলক্ষে মোটরসাইকেলে নৌকা বানিয়ে ব্যতিক্রমী এক নির্বাচনী প্রচারণায় নেমেছেন মো.সুজাত আহাম্মেদ (২৪) নামের এক যুবলীগ কর্মী। নৌকা প্রতীকের প্রচারকারী যুবলীগ কর্মী সুজাত জামালপুর-৫ (সদর) আসনের বাসিন্দা। তিনি নির্বাচনী প্রচারণার জন্য তৈরি করেছেন এই ব্যতিক্রমী নৌকা। তার এই ব্যতিক্রমী নৌকা দেখে মুগ্ধ দলীয় নেতাকর্মী ও ভোটারা।

জামালপুর জিলা স্কুল মাঠে ও শহীদ হারুন সড়ক দেখা যায়, ১৫০ সিসি হাঙ্ক মোটরসাইকেলের ওপর লোহার এঙ্গেল দিয়ে নৌকার ফ্রেম তৈরি করেছেন যুবলীগ কর্মী। তাতে লাল-সবুজ জাতীয় পতাকার সঙ্গে মিলিয়ে কাপড় লাগানো হয়েছে। লাল-সবুজ নৌকায় সদর আসনের নৌকার প্রার্থী প্রধানমন্ত্রীর সাবেক মূখ্য সচিব আবুল কালাম আজাদের নির্বাচনী পোস্টার লাগানো। সেই ব্যতিক্রমী মোটরসাইকেল নিয়ে তিনি মাঠে এসেছেন।

মো. সুজাত আহাম্মেদ বলেন, ‘ভালোবাসা থেকেই মোটরসাইকেলে নৌকাটি তৈরি করা হয়েছে। মোটরসাইকেল নৌকা নিয়ে যেখানেই যায় মানুষ আমাকে ঘিরে ধরে। তখন আমার খুব ভালো লাগে। মোটরসাইকেল নৌকা দেখতে ছোট-বড় সবধরনের মানুষ আসেন। তখন তাদের কাছে নৌকায় ভোট এবং দোয়া চাই। এবার ইনশাআল্লাহ নৌকার বিজয় হবেই।

এ প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ বলেন, ‘তার এই উদ্যোগকে সাধুবাদ জানাই। ব্যতিক্রমী এক প্রচারণার উদ্যোগ। এটা তার নৌকার প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ।’