সার্ভারের পাসওয়ার্ড ভুলিনি, ডায়েরিতে আছে: ইভ্যালির রাসেল

পুরনো দেনা নিষ্পত্তি না করে ‘বিগ ব্যাং’ অফারের ঘোষণা দিয়ে ফের আলোচনায় আসা ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও মো. রাসেল বলেছেন, আমি কারাগারে থাকাকালে অনেক পত্রিকায় পুরনো সার্ভারের বিষয়টা কিছুটা ভুলভাবে গেছে। সার্ভারের পাসওয়ার্ড ভুলে গেছি, আমি সেভাবে বলি নাই। সার্ভারে লগইনের পুরো প্রসেসটা আমি ডায়েরিতে লিখে রেখেছিলাম। 

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে ইভ্যালির ভেরিফায়েড ফেসবুক পেজে একটি লাইভে তিনি এ কথা বলেন।

রাসেল বলেন, দুই-তিন মাসের মধ্যে পুরনো সার্ভারে থাকা গ্রাহকদের অর্ডারের সব ডেটা নতুন সার্ভারে আপ হবে। ইভ্যালিকে যদি বিজনেস করতে দেওয়া হয়, তাহলে অল্প কিছুদিনের মধ্যেই সব দেনা পরিশোধ করা সম্ভব হবে।
 
তিনি জানান, গ্রেপ্তার হওয়ার আগে আমাজনের সার্ভারের বিল বকেয়া ছিল না। কিন্তু কারাগারে থাকাকালীন ছয় কোটি টাকা বিল বকেয়া হয়। সেটা পরিশোধ করার পর আমাজন আইডি পাসওয়ার্ড দেবে কিনা জানাবে। 

ইভ্যালির সিইও বলেন, বাণিজ্য মন্ত্রণালয়কে আগেই চিঠি দিয়ে জানানো হয় গ্রাহকদের কাছে ইভ্যালির দেনা ৩৫০ কোটি টাকার মতো। সব দেনা শর্টলি দিতে পারব, যদি কোনো বিনিয়োগ পাই। ইন্ডিয়ার মতো ৩০ ভাগের এক ভাগও যদি ই-কমার্সে বিনিয়োগ আসে, একদিনে সব দেনা দিয়ে দেওয়া সম্ভব।

এ সময় যেসব গ্রাহক ও ব্যবসায়ী ইভ্যালির কাছে টাকা পান, তাদের দেনা কীভাবে শোধ করবেন, তা জাতীয় নির্বাচনের পর একটি সংবাদ সম্মেলনে জানাবেন বলেও উল্লেখ করেন তিনি।