গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধে যেতে রাজি না হওয়ায় এক ইহুদি তরুণকে কারাদণ্ড দিয়েছে ইসরায়েল। তাল মিৎনিক (১৮) নামের ওই তরুণকে ৩০ দিন থাকতে হবে কারাগারে।
ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, রাজনৈতিক কারণ দেখিয়ে সেনাবাহিনীতে যোগ দিতে আপত্তি জানিয়েছিলেন তাল মিৎনিক। এ কারণে তার সাজা হয়েছে।
গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত মিৎনিকই এ কারণে গ্রেপ্তার হওয়া প্রথম ইসরায়েলি।
সেনাবাহিনীতে যোগ না দেওয়ার কারণ এক ভিডিও বার্তার মাধ্যমে জানিয়েছেন মিৎনিক। এক্স পোস্টে তার ভিডিওটি পোস্ট করে মেসারভট নামের একটি সংগঠন। সংগঠনটি ইসরায়েলের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক যোগ দেওয়ার বিরুদ্ধে অবস্থান নিয়ে কাজ করে।
ওই ভিডিও বার্তায় মিৎনিক বলেন, ‘নশৃংসতা দিয়ে নৃশংসতার জবাব দেওয়া যায় না বলে আমি বিশ্বাস করি। হামাস ইসরায়েলে যে নৃশংসতা চালিয়েছে, গাজায় হামলা তার সমাধান হতে পারে না। সহিংসতা দিয়ে সহিংসতার সমাধান হয় না। এ কারণেই আমি আপত্তি জানিয়েছিলাম।’
গাজায় নির্বিচারে বোমা হামলার সমালোচনা করেন মিৎনিক। তিনি বলেন, ‘শুধু হামাস নয়, সব ফিলিস্তিনির ওপরই এই প্রতিশোধ নেওয়া হচ্ছে।’
গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে বিশ্বের মুসলিমরা যেমন প্রতিবাদ জানাচ্ছে তেমনি অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে বিশ্বজুড়ে প্রতিবাদ জানাচ্ছে শান্তিকামী ইহুদিরাও।