রাজশাহীতে বিদেশি অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বহরমপুর এলাকায় বিদেশি অস্ত্রসহ ইমরান আহমেদ ইমন (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার কাছ থেকে গুলি উদ্ধার করা হয়েছে। তিনি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার বহরমপুর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, গতকাল রাত সাড়ে ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এসময় দু’জন ছিনতাইকারী ভদ্রা লেকের পাশে অবস্থান করছে এমন তথ্য পায় গোয়েন্দা পুলিশ। তারই প্রেক্ষিতে ইমরান আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু অন্যরা পালিয়ে যায়। অভিযুক্তের বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যায়ের এক শিক্ষকের অর্থ ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।

জিজ্ঞাসাবাদে আসামি জানায়, ইমরান ও পলাতক আসামিরা মিলে শহরের বিভিন্ন স্থানে ছিনতাই করে থাকে। তারা ছিনতাইয়ের কাজে অবৈধ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র ব্যবহার করে। 

তার বিরুদ্ধে বোয়ালিয়া থানা ও রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় দুইটি মামলা আছে। তার বিরুদ্ধে রাজপাড়া থানায় অস্ত্র আইনে আরও একটি মামলা আছে। এ ঘটনায় তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।