চাঁদপুরে বিদেশি পিস্তলসহ ২ যুবক গ্রেপ্তার

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পিএম
চাঁদপুরে পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মোবাইল ফোনের গ্যালারিতে পিস্তলের ছবি দেখে পুলিশের সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদের সূত্র ধরে তাদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটে।
 
বুধবার (২৫ নভেম্বর) সকালে কচুয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কড়ইশ গ্রামের প্রধানিয়া বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারকৃতরা হলেন, কচুয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কড়ইশ গ্রামের জাকির হোসেনের ছেলে নাহিদ হোসেন (২৭) এবং একই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো. আরাফাত (২১)। 
 
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে চাঁদপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গনি স্কুলের পেছনে কুড়ালিয়া এলাকায় চাঁদপুর সদর মডেল থানা পুলিশের পক্ষ থেকে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। এসআই কালাম গাজী ও এএসআই কামরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ওই চেকপোস্টে সন্দেহজনকভাবে চলাচল করায় ১০ যুবককে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় ওই যুবকদের মোবাইলে পিস্তলের ছবি দেখে তাদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তীতে অভিযান চালিয়ে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।
 
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
সর্বশেষ সর্বাধিক পঠিত