দিপুর অপরাজিত ১১৩, নাহিদ রানার ৫ উইকেট

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিএল ওয়ানডে সংস্করণের ফাইনালে শাহাদাত হোসেন দীপুর সেঞ্চুরিতে ২৬৫ রান সংগ্রহ করেছে পূর্বাঞ্চল। পারভেজ হোসেন জীবনের ব্যাট থেকে আসে ৭৩ রান। চমৎকার বোলিংয়ে উত্তরাঞ্চলের হয়ে নাহিদ রানা শিকার করেন পাঁচ উইকেট।

পেসার নাহিদ রানার ছোবলে ম্যাচটিতে টস হেরে ব্যাটিংয়ে নামা পূর্বাঞ্চল ৫৮ রানে ৩ হারায়। সেখান থেকে দলকে টানেন পারভেজ হোসেন ইমন ও দিপু। দুইজনে গড়েন ১২২ রানের জুটি।

৩ ছক্কা ও ৫ চারে ইমন ৭৩ রান করে ফিরলেও একপ্রান্তে লড়াই চালিয়ে যান দিপু। লিস্ট 'এ' ক্রিকেটে নিজের চতুর্থ সেঞ্চুরি স্পর্শ করেন তিনি ১১৭ বলে। ২ ছক্কা ও ৯ চারে ১২২ বলে ১১৩ রানে অপরাজিত ছিলেন দিপু। ১ ছক্কা ও ৩ চারে ইরফান শুক্কুরের ব্যাট থেকে এসেছে ৩৬ রান।

ইনিংসের শুরুতে ৩ উইকেট নেওয়া নাহিদ রানা শেষ দিকে নেন আর দুটি। লিস্ট 'এ' ক্রিকেটে প্রথমবারের মতো ৫ উইকেটের স্বাদ পান তিনি ৫০ রান দিয়ে।