নারী ক্রিকেটে দীর্ঘদিনের অনিয়ম, হয়রানির অভিযোগ ও খেলোয়াড়দের নিরাপত্তার প্রশ্নে প্রাতিষ্ঠানিক পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নারী ক্রিকেটারদের অভিযোগ গ্রহণ ও তদন্তে স্বাধীন কমিটি গঠনের পাশাপাশি মাতৃত্বকালীন ছুটি এবং সন্তান জন্মের পর মাঠে ফেরার সুযোগ নিশ্চিত করতে পৃথক নীতিমালা প্রণয়নের কাজও এগিয়ে নিচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে নারী ক্রিকেটারদের জন্য নিরাপদ ও পেশাদার পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা করছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
সম্প্রতি নারী ক্রিকেট নিয়ে প্রকাশিত একটি অনুসন্ধানী তথ্যচিত্রে উঠে আসা বিভিন্ন অভিযোগ ও দীর্ঘদিনের সমস্যার প্রসঙ্গে কথা বলতে গিয়ে তামিম জানান, তথ্যচিত্রে বর্ণিত ঘটনাগুলো অনেক বছর ধরে ঘটে আসা বিষয়। সেগুলোর সঙ্গে বর্তমান বোর্ডের সম্পৃক্ততা নেই। তবে অতীতের ঘটনাগুলোকে পাশ কাটিয়ে না গিয়ে প্রয়োজনীয় নীতিমালা বাস্তবায়নের ওপর গুরুত্ব দিচ্ছে দিচ্ছেন সাবেক এই অধিনায়ক, 'তথ্যচিত্রটি মূলত অনেক বছর ধরে ঘটে আসা ঘটনাগুলো নিয়ে, এমন নয় যে সেখানে আমাদের দিকে আঙুল তোলা হয়েছে। এসব ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।'
তবে অতীতের ঘটনাগুলোর দায় এড়িয়ে যাওয়ার চেয়ে ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গড়ে তোলাকেই গুরুত্বপূর্ণ মনে করছেন তামিম। তিনি জানান, অন্তর্বর্তীকালীন কমিটিতে থাকার সময় থেকেই প্রয়োজনীয় নীতিমালা নিয়ে কাজ শুরু করেছেন তারা। এরই ধারাবাহিকতায় নারী ক্রিকেটারদের অভিযোগ গ্রহণ ও তদন্তের জন্য একটি স্বাধীন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যদের নাম উল্লেখ করে বোর্ডের অনুমোদনও নেওয়া হয়েছে।
এই কমিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, অভিযোগকারী নারী ক্রিকেটারদের সরাসরি যোগাযোগের একটি নির্দিষ্ট জায়গা তৈরি করা। ফলে দেশের যেকোনো পর্যায়ে কোনো নারী ক্রিকেটার হয়রানি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হলে কোথায় অভিযোগ জানাতে হবে, সে বিষয়ে তার স্পষ্ট ধারণা থাকবে। তামিমের দাবি, কমিটিটি বোর্ডের প্রভাবমুক্ত থেকে স্বাধীনভাবে কাজ করবে।
চলতি নভেম্বরে বিসিবি নতুন অভিযোগ কমিটির কার্যক্রম শুরু করে। ৫ সদস্যের এই কমিটির প্রধান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাশনা ইমাম। অন্য সদস্যরা হলেন ব্যারিস্টার নাজিয়া কবির, ব্যারিস্টার অনিতা গাজী রহমান ও জেরিন মাহমুদ হোসেন। পঞ্চম সদস্য হিসেবে একজন সাবেক নারী ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করার কথা রয়েছে। কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন চন্দ্রা ব্যানার্জি। কমিটিতে বিসিবির কোনো পরিচালক, কর্মকর্তা বা কর্মীকে রাখা হয়নি। অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষেত্রে বোর্ডের অভ্যন্তরীণ প্রভাব কিংবা স্বার্থের সংঘাত এড়ানোই এর উদ্দেশ্য।
তবে কমিটি গঠন করলেই দায়িত্ব শেষ হবে না, এমন উপলব্ধিও রয়েছে তামিমের বক্তব্যে। অভিযোগের সত্যতা যাচাই এবং যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়ার ওপর জোর দদেন তিনি, 'আমরা হঠাৎ করে জোর করে কোনো কঠোর সিদ্ধান্ত নিয়ে নিলাম, পরে গিয়ে যেটির জন্য আফসোস করতে হলো। আমি এ ধরনের কিছু করতে চাই না। সিদ্ধান্ত আমি নেব না, নেবে স্বাধীন কমিটি।' সঙ্গে নারী ক্রিকেটারদের নিরাপত্তাকে মাঠের পারফরম্যান্সের চেয়েও বেশি গুরুত্ব দিচ্ছেন তামিম, 'খেলার বিষয়টি পরে আসে, তাদের নিরাপত্তা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা ভালো খেলবে, খারাপ খেলবে, জিতবে, হারবে—এগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। ক্রিকেট খেলতে এসে তাদের নিরাপদ বোধ করতে হবে।' সঙ্গে যোগ করেন 'একজন মেয়ে যখন ক্রিকেট খেলতে যাবে, তখন তার মা-বাবা যেন নিশ্চিত থাকতে পারেন যে সেখানে তাকে কোনো অন্যায় বা হয়রানির শিকার হতে হবে না। এটাই আমার অগ্রাধিকার।'
এদিকে নারী ক্রিকেটারদের জন্য মাতৃত্বকালীন ছুটি ও সন্তান জন্মের পর পুনরায় ক্রিকেটে ফেরার সুযোগ নিশ্চিত করার বিষয়টিও বিসিবির নীতিগত পরিবর্তনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এত দিন এ বিষয়ে সুস্পষ্ট নীতিমালা না থাকায় মাতৃত্বের সময় আর্থিক নিরাপত্তা, চুক্তি এবং ক্রিকেটে প্রত্যাবর্তন নিয়ে অনিশ্চয়তায় পড়তে হয়েছে নারী ক্রিকেটারদের। তামিম জানান, মাতৃত্বকালীন ছুটি এবং সন্তান জন্মের পর ক্রিকেটে ফেরার বিষয়ে একটি পূর্ণাঙ্গ নীতিমালা তৈরি করা হয়েছে। এতে অন্তঃসত্ত্বা হওয়ার পর একজন ক্রিকেটার কত দিন ছুটি পাবেন, ওই সময়ে তার বেতন-ভাতা কীভাবে নিশ্চিত হবে এবং সন্তান জন্মের পর কী ধরনের সহায়তা দেওয়া হবে, তা অন্তর্ভুক্ত রয়েছে। বিসিবির কার্যনির্বাহী কমিটিতে নীতিমালাটি অনুমোদিত হয়েছে বলেও জানিয়েছেন তিনি। তার দেওয়া তথ্য অনুযায়ী, পরবর্তী ২৮ তারিখের বোর্ড সভায় এটি উপস্থাপন এবং পাস হওয়ার কথা রয়েছে।