হঠাৎ রংপুরে গিয়ে আ. লীগের সঙ্গে বৈঠকে জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের শুক্রবার হঠাৎ করে রংপুর ছুটে যান। এরপর আজ শনিবার তিনি রংপুর মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন।

এবারের নির্বাচনে শাসকদল আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ২৬টি আসনে ছাড় দিয়ে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নেয়। আওয়ামী লীগের ছাড় দেওয়া আসনের তালিকায় জাপা চেয়ারম্যান জি এম কাদেরের আসন রংপুর-৩ ও রয়েছে। আওয়ামী লীগ প্রার্থী প্রত্যাহার করে নেওয়ার পর নির্বাচনের মাঠ অনেকটা নিরুত্তাপ হয়ে যায়। সবাই ধরেই নিয়েছে এই আসনে জি এম কাদের জিততে যাচ্ছেন।

ফলে ভোটার কিংবা অন্য প্রার্থীরাও নির্বাচন নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেন। ফলে এবার নির্বাচনের দিন কেন্দ্রে ভোটার আসা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই ভাবনা থেকেই আজ জি এম কাদের মহানগর আওয়ামী লীগের নেতাদের চায়ের আমন্ত্রণ জানান ও নির্বাচন নিয়ে আলোচনা করেন।

এই বৈঠকে উপস্থিত ছিলেন রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন। তিনি দেশ রূপান্তরকে বলেন, আমাদের দল জাপাকে এই আসনটি ছেড়ে দিয়েছে। আজ জাপা চেয়ারম্যান আমাদের সঙ্গে নির্বাচনের সামগ্রিক দিক নিয়ে আলোচনা করেছেন। কীভাবে সুষ্ঠু ভোট করা যায়, ভোটারদের নিয়ে আসা যায় এসব নিয়েই আলোচনা হয়েছে। যেহেতু কেন্দ্র থেকে এই আসনটি ছেড়ে দেওয়া হয়েছে এবং জি এম কাদের আমাদের সঙ্গে আলোচনা করেছেন তাই আগামীকাল থেকে আমরা জাপার পক্ষে ভোটের মাঠে প্রচারণায় নামব।

রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর বলেন, আমাদের চেয়ারম্যান ঢাকা থেকে ফিরে রংপুর মহানগর আওয়ামী লীগ নেতাদের বাসায় চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন। যেহেতু নির্বাচন চলছে তাই সামগ্রিক বিষয় নিয়েই আমাদের আলোচনা হয়েছে।

আওয়ামী লীগের জাতীয় পার্টির চেয়ারম্যানের পক্ষ থেকে চায়ের দাওয়াত দেওয়া হয়েছিল মহানগর আওয়ামী লীগ নেতাদের। তারা আমন্ত্রণ রক্ষা করতে এসেছিলেন। বৈঠক হয়েছে। আওয়ামী লীগ এখন থেকে আমাদের সঙ্গে নির্বাচনী প্রচার চালাবেন।”

বৈঠকে উপস্থিত ছিলেন জি এম কাদের, জাাপার কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর।