হবিগঞ্জের বানিয়াচং থানাহাজতের ভেতর থেকে গোলাম রাব্বানী (২০) নামের এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। ওই এসআইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করে গোলাম রাব্বানীকে হত্যা করার অভিযোগ করেছে তার পরিবার। ঘটনার চার দিন পর আজ শনিবার তাকে প্রত্যাহার করা হলো।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত এসআই মনিরুল ইসলামকে থানা থেকে প্রত্যাহার করে হবিগঞ্জ পুলিশ লাইনসে যুক্ত করা হয়েছে। তাদের তদন্ত কমিটি শিগগিরই এ বিষয়ে প্রতিবেদন দাখিল করবে।