মেসির সঙ্গে 'অবসরে যাবে' আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি

ফুটবলে ১০ নম্বর জার্সির অন্য রকম এক মহিমা রয়েছে। এই জার্সি পরে মাঠে আলো ছড়িয়েছেন অনেক কিংবদন্তি। যাদের মধ্যে আছে পেলে, দিয়েগো ম্যারাডোনা, লিওনেল মেসি, মিশেল প্লাতিনি, ইয়োহান ক্রুইফ, ফেরেঙ্ক পুসকাস, জিনেদিন জিদান, রোনালদিনহোর মতো বিখ্যাত ফুটবলাররা।

আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিধারীর কথা যদি বলা হয়, সবার আগে আসবে ম্যারাডোনার নাম। ১৯৮৬ সালে ১০ নম্বর জার্সি পরেই আর্জেন্টিনাকে শিরোপা এনে দিয়েছিলেন তিনি। কয়েক বছর আগে তার সম্মানে ১০ নম্বর জার্সি তুলে রাখতে চেয়েছিল আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। 

কিন্তু ফিফার নিয়ম তাতে বাধা হয়ে দাঁড়ায়। কারণ ফিফার নিয়ম অনুযায়ী, শীর্ষ টুর্নামেন্টে সব জাতীয় দলকে অবশ্যই ১ থেকে ২৩ এর মধ্যে জার্সি নম্বর ব্যবহার করতে হবে। পরে সেই জার্সি আর অবসরে পাঠানো যায়নি।

কালের পরিক্রমায় ১০ নম্বর জার্সির মালিক হন লিওনেল মেসি। সর্বশেষ আর্জেন্টিনাকে ২০২২ বিশ্বকাপ জেতানো এই মহাতারকার গায়েই দেখা যাবে বিখ্যাত ১০ নম্বর জার্সি। আর্জেন্টিনার বর্তমান অধিনায়ক আনুষ্ঠানিকভাবে অবসর নিলেই তার জার্সিকে অবসরে পাঠানো হবে, এমনটাই জানিয়েছেন এএফএ-এর প্রধান ক্লদিও তাপিয়া।

আর্জেন্টাইন এক সংবাদমাধ্যমকে তাপিয়া বলেন, 'মেসি যেদিন জাতীয় দল থেকে অবসর নেবে, আমরা আর কাউকে এরপর ১০ নম্বর জার্সি পরার অনুমতি দেবো না। তার সম্মানে এই ১০ নম্বর জার্সিও আজীবনের জন্য অবসরে চলে যাবে। অন্তত এটুকু আমরা তার জন্য করতেই পারি। '

আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত ১৮০ ম্যাচ খেলে ১০৬টি গোল করেছেন মেসি। তার নেতৃত্বে ২০২১ কোপা জেতার পর ২০২২ বিশ্বকাপ জিতেছে আলবিসেলেস্তেরা। আর তাতে পেলে ও ম্যারাডোনার পাশাপাশি ফুটবল ইতিহাসে অমরত্ব পেয়ে গেছেন মেসি। মজার ব্যাপার হচ্ছে, তিনজনেরই জার্সি নম্বর ১০।