রাজবাড়ী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকীর নির্বাচনী ক্যাম্পের কাছে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। জেলার কালুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন এই ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছে স্বতন্ত্র প্রার্থী। রবিবার (৩১ ডিসেম্বর) তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে উপজেলা মাঝবাড়ি ইউনিয়নের সোহেল ও রাসেল, মৃগী ইউনিয়নের যুবলীগ নেতা দাউদ, মাঝবাড়ি চরকুলটিয়া গ্রামের বাসিন্দা আরজুর নাম উল্লেখ করা হয়েছে । অভিযুক্ত সকলেই নৌকার সমর্থক বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে ।
জানা গেছে, গত ৩০ ডিসেম্বর রাত সাড়ে ১০ টার দিকে কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নে গাংবথুয়া গ্রামে ককটেল বিস্ফোরণ হয় । যার একশ গজের মধ্যে স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকীর নির্বাচনী ক্যাম্প অবস্থিত।
অভিযোগে স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী বলেন, প্রতিনিয়ত আমার কর্মীদের উপর হামলা করা হচ্ছে। এতে আমার কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
ইউপি চেয়ারম্যান ও কালুখালী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম এ মতিন বলেন, আমি নৌকার সমর্থক। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। বিস্ফোরণের সময় আমি বাড়ির ভেতরে ছিলাম। শব্দ শুনে রাস্তার ওপর এসেছি।
জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু কায়সার খান বলেন, আমরা একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ সুপারকে লিখিতভাবে বলা হয়েছে।