দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার আর বাকি মাত্র পাঁচ দিন। এরই মধ্যে ফেনী-৩ (সোনাগাজী, দাগনভূঞা) আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এমপি সস্ত্রীক ওমরা পালনে দেশ ছেড়েছেন।
শনিবার (৩০ ডিসেম্বর) সকালে সৌদি আরবের উদ্দেশে রওনা হন লাঙ্গল প্রতীকের এই প্রার্থী। নির্বাচনের মধ্যেই দেশ ত্যাগ করায় প্রচারণাসহ নির্বাচনের নানান দিক নিয়ে এলাকায় ও স্থানীয় আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
মাসুদ উদ্দিন চৌধুরীর ওমরায় যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সোনাগাজী উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম। তিনি জানান, ওমরা হজ পালন শেষে আগামী ১ জানুয়ারি রাতে দেশে ফিরে যথারীতি গণসংযোগসহ নির্বাচনী সব কর্মকাণ্ড চালিয়ে যাবেন।
সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র রফিকুল ইসলাম খোকন বলেন, ‘আমাদের নৌকার প্রার্থী নেই। তাই দলীয় সিদ্ধান্তে আমরা সবাই জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের সমর্থনে মাঠে কাজ করছি। নির্বাচনী মাঠে মাসুদ উদ্দিন চৌধুরী ওমরা হজে থাকলেও তার অনুপস্থিতি কোনো প্রভাব পড়বে না।’
এদিকে নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের জেলা পর্যায়ের একাধিক নেতা ক্ষোভ প্রকাশ করে মাসুদ উদ্দিন চৌধুরীকে উদ্দেশ্য করে বলেন, প্রার্থীর ভাবখানা যেন এমন শেখ হাসিনা জাতীয় পার্টিকে আসন ছেড়ে দিয়েছেন, তার মানে এখন ওনাকে জয়ী করতে আওয়ামী লীগের দায়িত্ব ও কর্তব্য। এটা যদি তিনি মনে নাই করতেন তাহলে তিনি নির্বাচনের শেষ মুহূর্তে আওয়ামী লীগের মাথায় বোঝা চাপিয়ে নির্বিঘ্নে ওমরা হজে যেতে পারতেন না।