আয় বর্হিভূত প্রায় দেড়কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান (৫৬) ও তার স্ত্রী সাহেদা বেগম নূরীর (৪১) বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ওই চেয়ারম্যান মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসকে মারধরের হুমকি দিয়েছিলেন।
গত ২৮ ডিসেম্বর দুদক, চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মো. আব্দুল মালেক বাদী হয়ে মামলাগুলো করেন। দুটি মামলার এজাহার রবিবার (৩১ ডিসেম্বর) চট্টগ্রাম আদালতে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির উপ-পরিচালক মো. আতিকুল আলম।
দুদকের উপ-পরিচালক মো. আতিকুল আলম জানান, মুজিবুল হক চৌধুরী জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫৬ লাখ ৭১ হাজার ১৪ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করেছেন। তার স্ত্রী জ্ঞাত আয়ের সঙ্গে ৮৬ লাখ ৬২ হাজার ৭৯৭ টাকার অসঙ্গতিপূর্ণ সম্পদ উপার্জন করেছেন। তারা দুদক আইনের ২৭ (১) ধারার অপরাধ সংঘঠন করেছেন। যা শাস্তিযোগ্য অপরাধ। অবৈধ সম্পদ উপার্যনে স্ত্রীকে সহযোগিতা করায় স্বামী মুজিবুলের বিরুদ্ধে দণ্ডবিধি ১০৯ ধারার অপরাধ করার অভিযোগ আনা হয়েছে।