চট্টগ্রামের আনোয়ারা উপকূলের ফুলতলী সমুদ্রসৈকত এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি ফুচকা-চটপটির দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে দোকানি ওয়াহেদ আলীর সারাজীবনের সঞ্চয় ও জীবিকার একমাত্র অবলম্বন মুহূর্তেই ধ্বংস হয়ে যায়।
বুধবার (৩ জুন) দিবাগত রাত প্রায় ৯টার দিকে সমুদ্রসৈকতসংলগ্ন বেড়িবাঁধের ওপর স্থাপিত টিনশেড দোকানটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ দোকানটিতে আগুনের শিখা দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের লাইনে লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যেই আগুনের তীব্রতা বেড়ে গেলে সিলিন্ডার বিস্ফোরিত হয় এবং দ্রুত পুরো দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের তীব্রতার কারণে দোকানের কোনো মালামাল সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। ফলে দোকানে থাকা সব আসবাব, সরঞ্জাম ও খাদ্যসামগ্রী পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত দোকানি ওয়াহেদ আলী বলেন, আমার সবকিছুই শেষ, ঘুরে দাঁড়ানোর মতো কিছুই নেই।
আনোয়ারা ফায়ার সার্ভিসের টিম লিডার মুজিবুর রহমান বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। গ্যাস লিকেজ হয়ে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলেও জানান তিনি।
বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান