গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) কাজী নাহিদ রসুলের বিরুদ্ধে অসহযোগিতামূলক আচরণের অভিযোগ তুলেছেন সাংবাদিকরা। এ বিষয়ে গতকাল শনিবার জেলার কর্মরত গণমাধ্যমকর্মীরা প্রধান নিবার্চন কমিশনার (সিইসি) কাছে লিখিত অভিযোগ দেন।
অভিযোগে উল্লেখ করা হয়, জেলার বিভিন্ন গণমাধ্যমকমীর্রা স্থানীয় প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে উন্নয়ন সাংবাদিকতা করে আসছেন। সরকার ও প্রশাসনের নানা উন্নয়নমুলক কর্মকান্ড জাতির সামনে তুলে ধরা হচ্ছে। কিন্তু গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) কাজী নাহিদ রসুল জেলায় যোগদানের পর থেকেই স্থানীয় সাংবাদিকদের এড়িয়ে চলছেন। তিনি কোনো গণমাধ্যমকর্মীর ফোন রিসিভ করেন না। ফলে রাষ্ট্রের স্বার্থে ও নির্বাচনী কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানাতে পারছেন না সাংবাদিকরা।
এছাড়াও তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তার নিয়োজিত এপিএস (নির্বাহী ম্যাজিস্ট্রেটের) এর কাছে চিরকুটের মাধ্যমে সাক্ষাতের বিষয় উল্লেখ করতে হয়। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার পরও তার সঙ্গে স্বাক্ষাতের অনুমতি পাওয়া যায় না। জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ড ও জাতীয় দিবসের কর্মসূচিতে কোনো গণমাধ্যম কর্মীকে আমন্ত্রণ বা অবগত করা হয় না। এমনকি তথ্য সংগ্রহের জন্য জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় কোনো সাংবাদিক প্রবেশ করলে তাকে অপমান করে বের করে দেওয়া হয়। এছাড়া জেলা প্রশাসকের কারণে তার কার্যালয়ে কর্মরত সকল কর্মকর্তা—কর্মচারির সাংবাদিকদের সঙ্গে আচরণও নেতিবাচক বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে বিষয়ে জানতে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলকে ফোন দিলে তিনি রিসিভ করেননি। চলতি বছরের ২৭ জুলাই কাজী নাহিদ রসুল গাইবান্ধা জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।