তেইশকে বিদায় দিয়ে ইতিমধ্যেই সবাই নতুন বছরকে স্বাগত জানিয়েছেন। সেইসঙ্গে প্রস্তুত করে নিয়েছেন নিজেদের নতুন বছরের রেজ্যুলেশনও। নতুন উদ্যোমে, নতুন প্রত্যয়ে এগিয়ে চলবেন। চব্বিশে নতুন পরিকল্পনায় হাটবেন বলে জানিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
তার ‘অপু-জয় প্রোডাকশন হাউস’ থেকে নতুন একাধিক সিনেমা নির্মাণ করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। অপু বিশ্বাস বলেন, ‘সবার আগে আমি একজন অভিনেত্রী। প্রযোজনায় এসেছি গত বছর। আর প্রথম সিনেমা ‘লাল শাড়ি’ দিয়ে দর্শকদের দারুণ সাড়া পেয়েছি। তখনই ভক্ত-দর্শকদের জানিয়েছি, অপু-জয় প্রোডাকশন হাউস থেকে নিয়মিত সিনেমা আসবে। মাঝে বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকায় নতুন সিনেমার ঘোষণা দেওয়া হয়নি। আশা করি, এবার সেই ঘোষণা আসবে।’
সিনেমার বাইরে ব্যবসায়ে মনোযোগ দিবেন জানিয়ে তিনি আরও বলেন, ‘সিনেমার বাইরে আমি একটু অন্যদিকে ফোকাস দিতে চাই। নতুন কিছু ব্যবসার পরিকল্পনা করেছি। পুরনো ব্যবসা তো আছেই। নতুন বছরে মূল ফোকাসটাই থাকবে সেদিকে।’
অন্যদিকে ঢালিউডের আরেক নায়িকা শবনম বুবলী জানালেন নতুন বছরের সবার ভালোবাসায় থাকতে চান। বছরের প্রথম দিন সবাইকে ২০২৪ সালের শুভেচ্ছা জানিয়েছেন।
সবার কাছে দোয়া কামনা করে এই নায়িকা বলেন, ‘আমি সাংবাদিক, পরিচালক, প্রযোজক, সহকর্মী, স্ক্রিপ্ট রাইটার, টেকনিশিয়ান, আমার পরিবারের সদস্য, শ্রোতা, শুভাকাংক্ষী এবং প্রিয় ভক্তদের ধন্যবাদ জানাই। আমাকে এবং আমার কাজকে ভালোবাসার জন্য এবং ২০২৩ সালকে এত সুন্দর করে তোলার জন্য। ২০২৪ সালেও আমাকে আপনাদের দোয়া ও ভালোবাসায় রাখুন। আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসি।’