ইংরেজি নতুন বছরের প্রথম দিন থেকে শুরু হয়েছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শীতকালীন দলবদল। এবারের দলবদলেও আলোচনার কেন্দ্রে থাকছেন কিলিয়ান এমবাপ্পে। আসছে জুনে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে ফরাসি এই ফরোয়ার্ডের। আর ছয় মাস বাকি থাকায় এমবাপ্পে চাইলে যেকোনো দলের সঙ্গে চুক্তির বিষয়ে কথা এগোতে পারবেন। এমবাপ্পে ছাড়াও আলোচনায় আছেন তরুণ আর্জেন্টাইন ক্লদিও এচেভেরি।
এমবাপ্পেকে পেতে আগ্রহী স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। গুঞ্জন আছে এবার এমবাপ্পেকে পেতে আগ্রহ দেখাচ্ছে আর্সেনাল, ম্যানচেস্টার সিটিও। অতীতেও রিয়াল চেষ্টা করেছে এমবাপ্পেকে দলে ভেড়াতে। রিয়াল মাদ্রিদ ২০২১-এ বেশি আগ্রহ দেখিয়েছিল এমবাপ্পেকে দলে নিতে। বেশ কয়েকটি প্রস্তাবও করে প্যারিসের ক্লাবটি। সে সময় খবর হয়েছিল ২০০ মিলিয়ন ইউরো পর্যন্ত নাকি উঠেছিল সেই বিড। তবে শেষ পর্যন্ত চুক্তি নবায়ন করে পিএসজিতেই থেকে গেছেন কাতার বিশ্বকাপ ফাইনালে হ্যাটট্রিক করা এই ফরোয়ার্ড। দ্য অ্যাথলেট খবর দিয়েছে, এমবাপ্পেকে সিদ্ধান্ত নিতে সময় বেঁধে দিয়েছে রিয়াল মাদ্রিদ। তবে স্পেনের স্থানীয় এক টেলিভিশন তাদের রিপোর্টে জানিয়েছে, এমবাপ্পে নাকি এরই মধ্যে মাদ্রিদে একটি বাড়ি ঠিক করে রেখেছেন।
তবে এবার আর রিয়াল শুধু এমবাপ্পেকে পাওয়ার আশায় হাত গুটিয়ে বসে নেই। ব্রাজিলিয়ান তারকা এনদ্রিক ২০২৪ সালের জুলাইয়ে ১৮ বছর বয়সে পালমেইরাস থেকে রিয়ালে যোগ দেবেন। এনদ্রিক এলেও রিয়াল চাইবে এমবাপ্পেকে দলে ভেড়াতে এমনটিই খবর ইউরোপের গণমাধ্যমে।
এই মৌসুমে ফ্রেঞ্চ লিগে এখন পর্যন্ত ১৬ ম্যাচে ১৮ গোল করেন এমবাপ্পে। চ্যাম্পিয়নস লিগেও ছয় ম্যাচ খেলে করেছেন ৩ গোল। ফর্মে থাকা এমবাপ্পেকে নাকি পেতে চায় ইংলিশ ক্লাব আর্সেনালও। মৌসুমের মাঝে এসে গানার্সরা ১৯ ম্যাচ খেলে গোল করেছে ৩৭টি। তাদের চেয়ে ছয়টি ক্লাব ইপিএলে বেশি গোল করেছে। গোল বেশি পেতেই এমবাপ্পের দিকে নজর দিতে চায় আর্সেনাল।
কেলভিন ফিলিপকে ছেড়ে দেবে ম্যানসিটি। তার যাওয়ার সম্ভাবনা আছে ইতালিয়ান ক্লাব জুভেন্তাসে। ইংলিশ এই মিডফিল্ডার এই মৌসুমে সিটির হয়ে খেলেছেন মাত্র ৮৯ মিনিট। ম্যানসিটি এবারের দলবদলে এমবাপ্পের দিনে নজর দিয়েছে এমন খবর এলেও, তারা নিশ্চিত করতে চাইছে এচেভেরিকে। দলবদলের খবরে নির্ভরযোগ্য সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানিয়েছে, রিভার প্লেটের সঙ্গে মৌখিকভাবে কথা হয়ে গেছে সিটির। শুধু আনুষ্ঠানিক ঘোষণার বাকি। আর চুক্তিটা হতে পারে ৬ বছরের জন্য। ১৭ বছরের এচেভেরি অবশ্য এখনই পাড়ি দেবেন না ইউরোপে। চুক্তি হলেও রিভার প্লেটে ধারে ২০২৪-এর ডিসেম্বর পর্যন্ত খেলবেন; অর্থাৎ ১৮ বছরে ইউরোপে আসবেন এই তরুণ।
গতকালই ক্লাব বদল হয়ে গেছে ডনি ভ্যান দে বেকের। ডাচ এই মিডফিল্ডার ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে যোগ দিয়েছেন বুন্দেসলিগার দল আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টে। ২০২০-এ আয়াক্স থেকে ৪০ মিলিয়ন পাউন্ডে তাকে দলে ভিড়িয়েছিল ম্যানইউ। এই মৌসুমে তিনি ম্যানইউর হয়ে খেলেছেন মাত্র ২১ মিনিট।
শীতকালীন দলবদলের খবরে এবারও থাকতে পারে সৌদি প্রো লিগের নাম। গেল বছরের জানুয়ারিতে (ডিসেম্বরের শেষে) ইউরোপ ছেড়ে এশিয়ার দেশ সৌদিতে পাড়ি দেন রোনালদো। এরপর গেল জুলাইয়ে গ্রীষ্মকালীন দলবদলে ইউরোপ ছেড়ে সৌদিতে পাড়ি দেন করিম বেনজেমা, নেইমার, সাদিও মানের মতো খেলোয়াড়রা। এবার শীতকালীন দলবদলে খুব একটা চমক হয়তো দেখবে না সৌদি লিগ। কিছুদিন আগে সৌদি প্রো লিগের ডিরেক্টর জানিয়েছেন, শুধু প্রয়োজনীয় জায়গায় খেলোয়াড় কিনবে ক্লাবগুলো।