আড়িয়াল খাঁয় ভাসছিল বস্তাবন্দি অজ্ঞাত কিশোরীর মরদেহ

মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদ থেকে বস্তাবন্দি অজ্ঞাত এক কিশোরীর (১০) লাশ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ।

আজ মঙ্গলবার (০২ জানুয়ারি) সকাল ১০টার দিকে শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাবলাতলা এলাকায় আড়িয়াল খাঁ নদের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে আড়িয়াল খাঁ নদে পাড়ে লাশটি ভেসে থাকতে দেখে এলাকাবাসী। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দেওয়া হয়। পুলিশ গিয়ে বস্তা কেটে লাশটি উদ্ধার করে। এসময় বস্তার ভেতরে সিমেন্ট মিশ্রিত ইটের কংক্রিট পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, লাশটি যেন ভেসে উঠতে না পারে তাই হয় তো বস্তার ভেতর কংক্রিট ব্যবহার করা হয়েছে। এদিকে লাশটি দেখতে সকাল থেকে নদের পাড়ে ভিড় জমায় উৎসুক জনতা।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধারে করা হয়েছে। ধারণা করা হচ্ছে- শ্বাসরোধ করে হত্যা করে বস্তাবন্দি করে নদীতে ফেলে যায় দুর্বৃত্তরা। এখন পর্যন্ত লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি।