টেস্ট খেলতে এসএ-২০ থেকে সরে দাঁড়িয়েছেন বেডিংহাম

আগামী মাসে নিউজিল্যান্ড সফরে যাবে দক্ষিণ আফ্রিকা। তবে সেই দলের ৭ জন ক্রিকেটারই অভিষেকের অপেক্ষায়। বাকিরাও দ্বিতীয় সারির ভাবনায়। তারকা ক্রিকেটারদের সবাই তখন ব্যস্ত থাকবেন ‘সাউথ আফ্রিকা-২০’ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। লিগে যেন তারা খেলতে পারেন, সেজন্য জাতীয় দল থেকে দেওয়া হয়েছে বিশ্রাম।

তবে স্রোতের বিপরীতে যেন হাটলেন ডেভিড বেডিংহাম। নিউজিল্যান্ডে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ সিরিজটি যেন খেলতে পারেন সেজন্য লিগের ড্রাফট থেকে নিজের নাম সরিয়ে নিয়েছিলেন তিনি। যার ফল হিসেবে কিউই সফরে যাবেন প্রোটিয়াদের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার হয়ে।

ডেভিড বেডিংহাম বুধবার ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরুর আগে আজ সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসেন। বলেন, ‘আমি ড্রাফট থেকে আমার নাম বাদ দিয়েছি যাতে আমি নিউজিল্যান্ডে খেলতে পারি।’

প্রোটিয়াদের কোচ শুক্রি কনরাডের ফোন পাওয়ার পর দ্বিতীয়বার আর ভাবেননি জানিয়ে বলেন, ‘কোচ আমায় ফোন করে জানালেন এসএ২০ তে খেললে জাতীয় দলে খেলা যাবে না। আমি দেখলাম এখানে নিজের ভালো সম্ভাবনা দেখছি। তাই আর দ্বিতীয়বার ভাবিনি। কোচকে জানিয়ে দেই ড্রাফট থেকে নিজের নাম বাদ দিয়ে দেই।’

টি-টোয়েন্টির এই যুগে টাকার রমরমা মোহ তাকেও আকৃষ্ট করে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি সবসময় টেস্ট ক্রিকেট ভালোবাসি। তাই ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণকে বোনাস হিসেবে দেখি। টেস্ট আর প্রথম শ্রেণির ক্রিকেটকে সবসময়ই প্রাধান্য দেই। আমার এই মুহূর্তে সবচেয়ে বড় স্বপ্ন নিউজিল্যান্ডে সেঞ্চুরি করা।’

গত সপ্তাহে সেঞ্চুরিয়নে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেকের আগে ইংলিশ কাউন্টিতে ডারহামের হয়ে ৮৯ ম্যাচে ছয় হাজারেরও বেশি রান করেছেন বেডিংহাম। বেডিংহাম ২০১২-১৩ মৌসুমে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছিলেন এবং দীর্ঘদিন ধরে দেশের অন্যতম সম্ভাবনাময় তরুণ খেলোয়াড় হিসেবে বিবেচিত হয়েছিলেন।