১০ জানুয়ারি থেকে কক্সবাজার রুটে চলবে ‘পর্যটক এক্সপ্রেস’

ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে নতুন আন্তনগর ট্রেন ‘পর্যটক এক্সপ্রেস’ আগামী ১০ জানুয়ারি থেকে চলাচল শুরু হবে। আজ মঙ্গলবার (২ জানুয়ারি) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি জানা যায়।

চিঠিতে জানানো হয়, পর্যটকদের স্বাচ্ছন্দ্য ও নিরাপদ ভ্রমণের জন্য ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে চলাচলের জন্য সদ্য আমদানি করা নতুন করিয়ান কোচ দিয়ে একজোড়া ননস্টপ আন্তঃনগর (পর্যটক এক্সপ্রেস) ট্রেন পরিচালনার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১০ জানুয়ারি থেকে এই ট্রেন চলাচল করবে।

নতুন ট্রেন সম্পর্কে বলা হয়, নতুন এ ট্রেনের নাম্বার হবে ৮১৫ এবং ৮১৬। ট্রেনটি ৩২টি বগির ওপর ১৬টি কোচ নিয়ে চলবে। ট্রেনের আসন সংখ্যা হবে ৭৮০টি। ট্রেনের সাপ্তাহিক বন্ধ থাকবে রবিবার।

পর্যটক এক্সপ্রেস ট্রেনের সময়সূচি

কক্সবাজার থেকে ৮১৫ নম্বর ট্রেনটি রাত ৮টায় ছেড়ে চট্টগ্রাম পৌঁছবে রাত ১০টা ৫০ মিনিটে। চট্টগ্রামে ২৫ মিনিট বিরতি দিয়ে রাত ১১টা ১৫ মিনিটে ছেড়ে বিরতহীনভাবে ঢাকা বিমানবন্দর স্টেশনে পৌঁছবে রাত ৩টা ৫০ মিনিটে। ঢাকা বিমানবন্দর স্টেশনে ৩ মিনিট বিরতি দিয়ে রাত ৩টা ৫৩ মিনিটে ছেড়ে ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছাবে রাত সাড়ে ৪টায়।

অন্যদিকে ৮১৬ নম্বর ট্রেনটি ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ভোর ৬টা ১৫ মিনিটে ছেড়ে বিমানবন্দর স্টেশনে পৌঁছবে ভোর ৬টা ৩৮ মিনিটে। সেখানে ৫ মিনিট বিরতি দিয়ে ভোর ৬টা ৪৩ মিনিটে ছেড়ে বিরতহীনভাবে চট্টগ্রাম পৌঁছবে সকাল ১১টা ২০ মিনিটে। সেখানে ২০ মিনিট বিরতি দিয়ে সকাল ১১টা ৪০ মিনিটে ছেড়ে কক্সবাজার স্টেশনে পৌঁছবে বিকেল ৩টায়।