ঈদের দিনেও চলাচল করবে একটি আন্তঃনগর ট্রেন। তবে এটি নির্ধারিত সূচি অনুযায়ী নয়, বরং আগের ট্রিপের বিলম্বের ধারাবাহিকতায় চলাচল করবে বলে জানিয়েছে রেলওয়ে সূত্র। ট্রেনটি হলো জামালপুর-চট্টগ্রাম রুটের আন্তঃনগর বিজয় এক্সপ্রেস।
রেলওয়ের তথ্য অনুযায়ী, ট্রেনটি প্রতিদিন চট্টগ্রাম থেকে সকাল সোয়া ৯টায় এবং জামালপুর থেকে রাত ৮টায় ছেড়ে যায়। নির্ধারিত যাত্রাসময় প্রায় সাড়ে আট ঘণ্টা হলেও চট্টগ্রাম-ময়মনসিংহ রুট থেকে জামালপুর পর্যন্ত সম্প্রসারণের পর থেকেই ট্রেনটি নিয়মিত সময়সূচি ধরে রাখতে পারছে না।
সংশ্লিষ্টরা জানান, রুট দীর্ঘ হওয়া এবং পরিচালন সময় বেড়ে যাওয়ায় প্রতিদিনই বাড়ছে বিলম্বের মাত্রা। চলতি সপ্তাহে প্রায় প্রতিদিন সাত থেকে আট ঘণ্টা দেরিতে চলেছে বিজয় এক্সপ্রেস। বুধবারও ট্রেনটির দীর্ঘ বিলম্বে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন এবং ক্ষোভ প্রকাশ করেন।
ঈদের আগে শেষ যাত্রায় ট্রেনটি নির্ধারিত সকাল সোয়া ৯টার পরিবর্তে প্রায় সাড়ে সাত ঘণ্টা বিলম্বে চট্টগ্রাম ছেড়ে যায়। এর আগে ট্রেনটি চট্টগ্রামে পৌঁছায় আট ঘণ্টারও বেশি দেরিতে।
রেলওয়ের কর্মকর্তারা জানান, নির্ধারিত সময় অনুযায়ী চললে ট্রেনটি রাত ১টার দিকে জামালপুর পৌঁছানোর কথা। সেখান থেকে রাত ২টায় ফের যাত্রা শুরু করলে চট্টগ্রামে পৌঁছাতে সকাল ১১টার বেশি সময় লাগবে। পথে বিলম্ব আরও বাড়লে ট্রেনটি ঈদের দিন দুপুর কিংবা বিকেলেও চলাচল করতে পারে।
ট্রেনে দায়িত্ব পালনকারী কয়েকজন কর্মচারী বলেন, বর্তমানে সময়সূচির দিক থেকে সবচেয়ে সমস্যাগ্রস্ত ট্রেনগুলোর একটি হচ্ছে বিজয় এক্সপ্রেস। জামালপুর পর্যন্ত রুট বাড়ানোর পর থেকে ট্রেনটি নিয়মিত বিলম্বে চলছে। এমন পরিস্থিতিতে দায়িত্বে থাকা অনেক কর্মচারী এবার ঈদের নামাজও আদায় করতে পারবেন না বলে জানান তারা।