রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডে ট্রাফিক পুলিশ বক্সে হামলা চালিয়েছে ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশ হামলার ঘটনায় জড়িত ৩ জনকে আটক করেছে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বিষয়টি নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন, মঙ্গলবার বিকেলে ধানমন্ডির প্রধান সড়কে ব্যাটারিচালিত অনুযায়ী অটোরিকশা চালাতে বাধা দেওয়ায় তারা সংঘবদ্ধ হয়ে পুলিশ বক্সে হামলা করে। ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশের ট্রাফিক সার্জেন্টসহ দুজন সদস্য আহত হয়েছেন। তারা স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, ট্রাফিক নিয়ম অনুযায়ী এ ধরনের ব্যাটারিচালিত অটোরিকশা প্রধান সড়কে চলার কথা নয়। যে কারণে ওইসব অটোরিকশা বাধা দিলে তারা এ ঘটনা ঘটায়। পুলিশ ৩ জনকে আটক করেছে। তারা পুরো ঘটনা তদন্ত করে দেখছেন।
এর আগে গত ১৮ ডিসেম্বর পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ তুলে মোহাম্মদপুরের বেড়িবাঁধ তিন রাস্তা এলাকায় মোহাম্মদপুরের ট্রাফিক পুলিশের বক্সে হামলার ঘটনা ঘটেছে। ওইদিন বেলা ১২টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা ১৫০ থেকে ২০০ জনের একটি মিছিল নিয়ে এসে এ হামলা চালায়। এ ছাড়া গত বছর ১৪ অক্টোবর ঢাকার মিরপুর ও পল্লবী থানা এলাকার পাঁচটি ট্রাফিক পুলিশ বক্সে ব্যাটারিচালিত রিকশা-অটোরিকশার চালকেরা হামলা চালিয়েছিল। এতে এক কনস্টেবল আহত হন। পুলিশ তখন বলেছিল, অভিযানে দুটি ব্যাটারিচালিত রিকশা আটক করার পর এ হামলা হয়।