টিজার প্রকাশ করে সিনেমার নাম ঘোষণা, মুক্তি ঈদে

‘তালাশ’ ও ‘লোকাল’ সিনেমার পর নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন আদর আজাদ। নতুন বছরের শুরুতেই ঘোষণা দিলেন নতুন সিনেমার, প্রকাশ করলেন টিজার। ছবির নাম ‘লীলা’। 

‘লীলা’ হতে যাচ্ছে পুরোপুরি অ্যাকশন ধাঁচের সিনেমা। পরিচালনা করবেন আলোক হাসান। এর গল্প ও চিত্রনাট্য করেছেন ফেরারী ফরহাদ। পরিচালক জানান, ‘লীলা’ হচ্ছে চরিত্রের নাম। তাকে ঘিরেই গল্প।

আদর আজাদ বলেন, দর্শক আমার কাছে যেমন সিনেমা প্রত্যাশা করেন, এটি তেমন হতে যাচ্ছে। নতুন বছরে প্রথমদিনে নাম ঘোষণার মাধ্যমে জানিয়ে দেওয়া হলো এ কাজটির মাধ্যমে নতুন বছর শুরু করতে যাচ্ছি। ভালো কিছু হবে। এ আত্মবিশ্বাস আমার মধ্যে রয়েছে। 

‘লীলা’ আগামী কোরবানির ঈদে মুক্তি পাবে জানিয়ে পরিচালক বলেন, মার্চ নাগাদ শুটিংয়ে যাবো। গল্পটি দুই বছর মাথায় নিয়ে ঘুরছি। এটি আমার নির্মিত প্রথম ছবি হওয়ার কথা ছিল। কিন্তু তার আগে আদর আজাদকে নিয়ে ‘নাকফুল’ বানাই। সেটি আগামী ভালোবাসা দিবসে মুক্তি পেতে পারে।

তিনি আরও বলেন, নাকফুল রোম্যান্টিক ট্র্যাজেডির গল্প হলেও ‘লীলা’ পুরোপুরি অ্যাকশন গল্পের সিনেমা। দেশের বাইরের অ্যাকশন ডিরেক্টর থাকবে। লীলার গল্প এবং ক্যারেক্টারের বয়সের সঙ্গে সে একেবারে উপযুক্ত। এজন্য কাজটি হতে যাচ্ছে। আদর ছাড়াও অন্যান্য কাস্টিংয়ে চমক রাখার চেষ্টা করেছি।