রেললাইন ধরে রাস্তা পার, ট্রেনের ধাক্কায় মৃত্যু

রাজধানীর কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় আবু নছর সাহেদ (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তার সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তার নাম শনাক্ত হওয়া গেছে। তার বাবার নাম আবু আলী জুলফিকার। বর্তমান ঠিকানা পূর্ব রাজা বাজার।

আজ মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কারওয়ান বাজার কাঠপট্টি রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

পথচারী মো. রাসেল জানান, সন্ধ্যায় ওই ব্যক্তি কারওয়ান বাজার কাঠপট্টির সামনের রেললাইনে রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় বিমানবন্দরগামী একটি ট্রেনের সঙ্গে তার ধাক্কা লাগে। পরে তাকে উদ্ধার করে দ্রুত মগবাজার ইনসাফ আল-বারাকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।