লিভারপুলকে ‘সম্ভাব্য চ্যাম্পিয়ন’ করে মিসরে সালাহ

নতুন বছরের শুরুটা দারুণ হলো লিভারপুলের। অ্যাস্টনভিলার চেয়ে গোল ব্যবধানে এগিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষেই ছিল তারা। সোমবার নিউকাসলকে মো. সালাহর জোড়ায় ৪-২ গোলে হারিয়ে তিন পয়েন্টে এগিয়ে গেল। এই পারফরম্যান্সকে মৌসুমে অলরেডদের সেরা বর্ণনা করে ফুটবল পন্ডিত ও সাবেক খেলোয়াড় জেমি কারাঘার বলেছেন, ‘যেভাবে খেলছে, তাতে ওদেরই সম্ভাব্য চ্যাম্পিয়ন বলতে হয়। ওদের অসাধারণ এক কোচ, যিনি জানেন কী করতে হবে। আর দলটায় তিন-চারজন বিশ্বমানের খেলোয়াড় আছে।’

অ্যানফিল্ডে ১২ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি লিভারপুল। ডান দিক থেকে সালাহর পাস গোলমুখে পেয়ে শট নিলেও দলকে বাঁচিয়ে দেন নিউক্যাসল গোলকিপার। চার মিনিট পর জালে বল পাঠান লুইস দিয়াজ। তবে অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান। ২০ মিনিটে ডি-বক্সে কলম্বিয়ান ফরোয়ার্ড দিয়াজ ফাউলের শিকার হলে পেনাল্টি পায় লিভারপুল। কিন্তু সালাহ স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন। তার শট ঠেকিয়ে দেন নিউক্যাসলের স্লোভাকিয়ান গোলকিপার মার্তিন দুভরাওকা।

দ্বিতীয়ার্ধে বুট পরিবর্তন করেন সালাহ। তাতেই যেন ভাগ্য খোলে তার। ৪৯ মিনিটে বন্ধ্যত্ব ঘোচে ম্যাচের। ডারউইন নুনেজের পাস থেকে গোল করেন সালাহ। ৫৪ মিনিটে সমতা ফেরান নিউক্যাসলের সুইডিশ ফরোয়ার্ড ইসাক। ৭৪ মিনিটে কার্টিস জোনস ও ৭৮ মিনিটে কোডি গাকপো গোল করলে এগিয়ে যায় ইয়ুর্গেন ক্লপের দল। ৮১ মিনিটে বোটমান হেডে গোল করলে ম্যাচে ফেরার পথ পায় নিউক্যাসল। তবে পুরো ম্যাচে দারুণ কিছু সেভ করা দুভরাওকা ভুল করে বসেন। দিয়েগো জটাকে রুখতে গিয়ে তাকে ফাউল করেন। ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এবার আর ভুল করেননি সালাহ। ৮৬ মিনিটে সালাহ স্পটকিকে গোল করলে জয় নিশ্চিত হয় লিভারপুলের।

এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মিসরীয় গোল হলো ১৮, লিগে ১৪। তবে এই সালাহকে আগামী ৮ ম্যাচ পাবে না লিভারপুল। মিসরের হয়ে আফ্রিকান নেশন্স কাপ খেলতে যাচ্ছেন তিনি। ১৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আফ্রিকা কাপ অব নেশন্স। টুর্নামেন্টের ফাইনাল ১১ ফেব্রুয়ারি। মিসর ফাইনালে উঠলে লিগ, এফএ কাপ ও কারাবাও কাপ মিলিয়ে ৮টি ম্যাচে সালাহকে পাবে না লিভারপুল। তবে তাকে ছাড়া লিভারপুলের অসুবিধা হবে না বলে বিশ্বাস সালাহর, ‘আমাদের অনেক ভালো খেলোয়াড় আছে। আমার পজিশনে খেলার মতো খেলোয়াড়ও আছে। আমাদের আস্থা রাখতে হবে। মাঠে পরিশ্রম করতে হবে, নিজেদের খেলাটা খেলতে হবে। তা করতে পারলেই জয়ের ধারা অব্যাহত থাকবে।’

সোমবারের ম্যাচে নিউক্যাসলের গোলে ৩৪টি শট নিয়েছে লিভারপুল। যা কি না প্রিমিয়ার লিগে যৌথভাবে রেকর্ড। ঘরের মাঠে টানা ২২ ম্যাচে অপরাজিত দলটির কোচ ক্লপও মুগ্ধ দলের খেলায়, ‘আমার দল অসাধারণ খেলেছে। অসাধারণ ম্যাচ। যে গোলগুলো খেয়েছি, সেগুলো বাদ দিলে এ ম্যাচের অনেক কিছুই আমার মনের মতো হয়েছে।’

২০ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। সমান ম্যাচে তিন পয়েন্ট পেছনে অ্যাস্টন ভিলা। ১৯ ম্যাচ খেলা ম্যানসিটি পরের ম্যাচ জিতলে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসবে। ২০ ম্যাচে আর্সেনালের পয়েন্টও ৪০।