মোসাদের গুপ্তচর সন্দেহে তুরস্কে ৩৪ জন আটক

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৩৪ জনকে আটক করেছে তুরস্ক। এরা তুরস্কে অবস্থানরত বিদেশি নাগরিকদের অপহরণ এবং হত্যার পরিকল্পনা করছিলো বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া।

বুধবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে বিবিসি জানায়, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের গুপ্তচররা তুরস্কের মাটিতে অবস্থান করছে - এমন তথ্য পাওয়ার পর তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে অভিযানে নামে তুরস্কের গোয়েন্দা সংস্থা 'এমআইটি' এবং আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। গুপ্তচরদের খোঁজে তারা চিরুনি অভিযান চালায় ।

গত মঙ্গলবার তুরস্কের ৮টি প্রদেশের ৫৭টি জায়গায় মোসাদের গুপ্তচরদের ধরতে 'অপারেশন মোল' পরিচালনা করে কর্তৃপক্ষ। এ সময় ৩৪ গুপ্তচরকে আটক করে তারা। তবে গুপ্তচরবৃত্তিতে যুক্ত ৪৬ জনকে চিহ্নিত করলেও কয়েকজন বিদেশে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা।

আটক সন্দেহভাজনরা তুরস্কে অবস্থানরত বিদেশি নাগরিকদের ওপর নজরদারি, হামলা এবং অপহরণের পরিকল্পনা করছিলো বলে জানিয়েছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া। তবে প্রাথমিকভাবে তাদের সম্পর্কে আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এছাড়া মোসাদের গুপ্তচরদের আটকের বিষয়ে বরাবরের মতোই নীরব ইসরায়েল।  

এর আগে, গত সপ্তাহে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা 'শিন বেত'র ফাঁস হওয়া এক অডিও রেকর্ডে শোনা যায়: তুরস্ক, লেবানন ও কাতারসহ বিশ্বের যেসব দেশে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সদস্যরা অবস্থান করছেন, সেখানেই তাদের ধ্বংস করতে প্রস্তুত ইসরায়েল। এরপরই তুরস্কের মাটিতে হামাস সদস্যদের ওপর হামলা হলে ইসরায়েলকে তার কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান।