বগুড়ায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও দুজন।
বুধবার (৩ জানুয়ারি) সকাল পৌনে আটটার দিকে জেলার সদরের ঢাকা-রংপুর মহাসড়কের নওদাপাড়া এলাকায় রংপুরগামী পিকআপের সঙ্গে বগুড়াগামী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে। বেলা ১১টার দিকে হাইওয়ে পুলিশ কুন্দারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্বাস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার দক্ষিণ শ্যামপুর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে সিএনজিচালক মোকলেসুর রহমান (৫২) ও একই উপজেলার সচিয়ানী পশ্চিম পাড়ার আবুল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৫০ )। এসময় অপর দুই যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাইওয়ে পুলিশ কুন্দারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্বাস আলী জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পিকআপ আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলে তিনি জানান।