বঙ্গীয় শিল্পকলা চর্চার আন্তর্জাতিক কেন্দ্রে নির্বাহী পরিচালক হলেন বুলবুল আহমেদ

অধ্যাপক ড. বুলবুল আহমেদ বঙ্গীয় শিল্পকলা চর্চার আন্তর্জাতিক কেন্দ্রে নির্বাহী পরিচালক পদে নিযুক্ত হয়েছেন। ১ জানুয়ারি এই পদে নিয়োগ পান তিনি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে প্রত্নতত্ত্বে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি। একই বিশ্ববিদ্যালয় থেকেই ২০০৮ সালে এমফিল এবং ২০১৭ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক বুলবুল আহমেদ একজন স্বনামধন্য শিক্ষক। তিনি উক্ত বিভাগে ২০১৭-২০২০ সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, বিশ্বব্যাংক, এশিয়ান ডেভোলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ ব্যাংক ও ইউনেস্কোর অর্থায়নে পরিচালিত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পে অবদান রেখেছেন।

তিনি বঙ্গীয় শিল্পকলা চর্চার আন্তর্জাতিক কেন্দ্রের জার্নাল অব বেঙ্গল আর্ট- এর সম্পাদক পদে যুক্ত আছেন। এ ছাড়া বুলবুল আহমেদ ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের অ্যাডভাইজার গ্রুপ: হেরিটেজ অ্যান্ড কালচার, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি এবং ইন্টারন্যাশনাল কাউন্সিল অব মিউজিয়ামস, বাংলাদেশ-এর সম্মানিত সদস্য। 

বুলবুল আহমেদ বিভিন্ন জার্নাল ও গ্রন্থে প্রত্নতত্ত্ব, মুদ্রাতত্ত্ব, ঐতিহ্য ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিষয়ে ৩৪টি গবেষণা প্রবন্ধ ছাড়াও ছয়টি গ্রন্থ প্রকাশ করেছেন। এদের মধ্যে তার সম্পাদিত ‘বুদ্ধিস্ট হেরিটেজ অব বাংলাদেশ’ (২০১৫) গ্রন্থটি ২০১৫ সালে প্রকাশিত মানসম্পন্ন ও শৈল্পিক প্রকাশনার জন্য বাংলা একাডেমি প্রদত্ত ‘মুনীর চৌধুরী মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০১৬’ লাভ করে।