নাজমুন মুনিরা ন্যান্সি সেভাবে ফেসবুকে থাকেন না। তাই কাজের প্রচারও সেভাবে করা হয় না। আর এই প্রচারটাও তার ভালো লাগে না। তবুও জানা গেল বছরের প্রথম কাজ। শিল্পী এহসান রাহীর সঙ্গে বছরের প্রথম গান গাইলেন। গানের নাম সাতটি মাস। কথা লিখেছেন, রাজু চৌধুরী। সুর করেছেন এহসান রাহী। এছাড়াও সংগীতায়োজন করেছেন সেতু চৌধুরী।
বুধবার সন্ধ্যায় রাজধানীর স্টুডিও ভয়েস-এ কণ্ঠ দেন তিনি। মঞ্চ পারফর্ম ও নিজস্ব কাজ নিয়েই ব্যস্ত ন্যান্সি। এর বাইরে বড় একটা সময় দেন সংসারে।
গায়িকা বলেন, ‘সংসার বেশ ভালো আছি। আমার বড় মেয়ে রোদেলা সে তো বড় হয়ে গেছে। মাঝে মাঝে আমাকেও শাসন করে। তার আচরণ অদ্ভুত লাগে, আবার ভালোও লাগে। আর ছোট মেয়ে গুণগুণ, তার বয়স দুই বছর। ঘরময় ঘুরে বেড়ায়। আজব আজব শব্দ করে, চমৎকৃত হই। আমি এমন একটা সময়ের মধ্যে আছি, এক মেয়ের বয়স ষোলো, আরেক মেয়ের বয়স দুই, এই দুজনের মাঝে বয়সের পার্থক্য আর তার মাঝে আমি একা, এক অন্যরকম অনুভূতি মাঝে মাঝে আমাকে ছুঁয়ে যায়।’