ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট প্রধান মো. আসাদুজ্জামান বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের জঙ্গি হামলা, জঙ্গিদের তৎপরতা বা কোনো ঝুঁকি নেই। জঙ্গিদের সেই সক্ষমতাও নেই।
তিনি বলেন, আমাদের জঙ্গিবাদবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। দুদিন আগেও আমরা একটি সংগঠনের মূল ব্যক্তিসহ অপারেশনাল কমান্ডারকে গ্রেপ্তার করেছি। যারা নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছিল। এ মুহূর্তে জঙ্গি হামলার কোনো ঝুঁকি নেই, জঙ্গিদের সেই সক্ষমতাও নেই।
বুধবার (৩ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত ফ্রি মেডিকেল অ্যান্ড ডেন্টাল ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান বলেন, ঢাকা মহানগর এলাকায় যেসব সংসদীয় আসন রয়েছে, কোথাও এখন পর্যন্ত কোনো ধরনের আইনশৃঙ্খলাজনিত সমস্যার সৃষ্টি হয়নি। প্রার্থীরা নির্বিঘ্নে ও নিরাপদে তাদের প্রচার চালাচ্ছেন। উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আমরা আশাবাদী, কিছু ঘটবে না এবং পুলিশের সে রকম প্রস্তুতিও রয়েছে। যেকোনো ধরনের অরাজকতা নাশকতা ঠেকাতে ও প্রতিরোধে সক্ষমতা রয়েছে ঢাকা মহানগর পুলিশের।
নির্বাচনের ঠিক পরে কিংবা আগে রাজনৈতিক সহিংসতা হওয়ার একটা শঙ্কা জনমনে কাজ করছে, এ ব্যাপারে আসাদুজামান বলেন, এ ধরনের নাশকতা বা অরাজকতা যারা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এগুলো প্রতিহত করার জন্য সক্ষমতা ও প্রস্তুতি আমাদের রয়েছে। ইতিপূর্বে যারা নাশকতা সঙ্গে জড়িত, সেই মাস্টারমাইন্ডসহ সবাইকে আইনের আওতায় আনা হয়েছে, আনা হচ্ছে।
ট্রেনে নাশকতার ঘটনা আলাদাভাবে দেখছেন কি না জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, রেলে নাশকতা নিয়েও আমরা কাজ করছি। বিভিন্ন স্থানে রেলে নাশকতার ঘটনা আমরা পর্যবেক্ষণ করছি। রেলে বড় দুটি নাশকতার ঘটনায় একটি ইতিমধ্যে আমরা মাস্টারমাইন্ডসহ যারা রেললাইন কেটেছিল, তাদেরকে গ্রেপ্তার করেছি। তেজগাঁওয়ে রেলে আগুনে নারী, শিশুসহ চারজনের মৃত্যুর ঘটনায় আমরা কাজ করছি। আশা করছি এটাও আমরা উদ্ঘাটন করতে পারব। রেলে যাতে আর কোনো নাশকতার ঘটনা না ঘটে, সে জন্য পুলিশ কাজ করছে।
সীতাকুণ্ডসহ বিভিন্ন স্থানে রেল দুর্ঘটনার নেপথ্যে কোনো ধরনের নাশকতার উদ্দেশ্য আছে কি না জানতে চাইলে তিনি বলেন, এটা নিয়ে কাজ করা হচ্ছে। এটা যদি নাশকতা হয়, অবশ্যই যারা জড়িত, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। কোনো নাশকতাকারীকে আমরা ছাড় দেব না, নাশকতা করে কেউ ছাড় পাবে না।