ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ৭ জানুয়ারি একতরফা প্রহসনের ডামি নির্বাচনকে বর্জন করে দেশবাসী আওয়ামী লীগকে সকর্ত সংকেত দিয়েছে। এটা কোনো নির্বাচন ছিল না। এটা ছিল নির্বাচনের নামে নাটক মঞ্চায়ন। ৭ জানুয়ারির নির্বাচন স্বাধীনতা যুদ্ধে নেতৃত্বদানকারী সংগঠনের দেউলিয়াত্ব ও দৈন্যদশা প্রকাশ হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে বায়তুল মোকাররম উত্তর গেটে একতরফা প্রহসনের ডামি নির্বাচন বাতিল করে জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ পূর্ব সমবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচন বর্জন করায় তিনি পীর সাহেব চরমোনাই’র পক্ষ থেকে দেশবাসী ও সাংবাদিকদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, মিডিয়ার সুবাদে বিশ্ববাসী ভোটের নামে একতরফা দলীয় কাউন্সিল দেখেছে। যেখানে বিদেশিদের ভাড়া করে ডামি পর্যবেক্ষক সাজিয়ে ডামি নির্বাচনকে বৈধতা দেয়ার চেষ্টা করা হয়েছে। তথাকথিত ভোটের আগে শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, আপনি ভুলক্রটির জন্য ক্ষমা চেয়ে পুনরায় ক্ষমতায় যেতে জনগণের ভোট প্রার্থনা করেছেন। অথচ দীর্ঘ ১৫ বছরেও আপনি জাতীয় ভুলক্রটি সংশোধন করতে পারেননি। দুর্নীতির মাধ্যমে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, জাতিসত্তাবিরোধী শিক্ষা সিলেবাস তৈরি করে, ইসলামী ও নৈতিক শিক্ষা বই বিতরণ করে তা প্রত্যাহার করে নেয়া হয়েছে, আপনি কী তা দেখেননি? ইসলামী শিক্ষা বইয়ে দেবীর ছবি দিয়ে কী ম্যাসেজ দিচ্ছেন? পাশ্ববর্তী দেশের প্রেসক্রিপশনে আমাদের দেশের রাজনীতি ও শিক্ষা কারিকুলাম নিয়ন্ত্রণ অশনিসংকেত।
তিনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে সকলের প্রতি আহ্বান জানান। তিনি ডামি নির্বাচন বাতিল করে জাতীয় সরকারের অধীনে পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণা করে দেশকে ভয়াবহ গৃহযুদ্ধ থেকে রক্ষার আহ্বান জানান।
সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কেএম আতিকুর রহমান, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা নেছার উদ্দিন, মাওলানা আরিফুল ইসলাম, ডা. শহিদুল ইসলাম, ছাত্রনেতা শরিফুল ইসলাম রিয়াদ, কেএম শরয়াতুল্লাহ, মুফতী ফরিদুল ইসলাম, মুফতী মাছউদুর রহমান, হাফিজুল হক ফাইয়াজ, আল আমীন সোহাগ, মাইদুল ইসলাম সিয়াম প্রমুখ।
