ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বুধবার (৩ জানুয়ারি) রাত ৯টা ১০মিনিট থেকে ফেরি-লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ঘাট সহকারি ব্যবস্থাপক নুর আলম ভুইয়া দেশ রূপান্তরকে মোবাইল ফোনে এ তথ্যটি নিশ্চিত করেছেন।
জানা যায়, বুধবার সন্ধার পর থেকেই নদীতে কুয়াশা পড়তে শুরু করে। রাত ৯টা ১০ মিনিটের দিকে কুয়াশার চাঁদরে ঢেকে যায় পুরো নৌপথ। যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। মাঝনদীতে কুয়াশায় আটকে পড়েছে ছোট-বড় চারটি ফেরি। ফেরিগুলো হল-কেরামত, মাওলা, ঢাকা এবং পরান। এদিকে নদী পারাপার হতে আসা বেশকিছু যান ঘাট এলাকায় আটকা পড়ে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট সহকারি ব্যবস্থাপক নুর আলম ভুইয়া জানান, কুয়াশার জন্য সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি সার্ভিস চালু করা হবে।