জামালপুর-২ (ইসলামপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম শাহীনুজ্জামান শাহীনের নির্বাচনী জনসভায় গিয়ে নৌকায় ভোট চাইলেন পৌর মেয়র।
বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের মহলগিরী ঈদগাহ মাঠে স্বতন্ত্র (কাঁচি প্রতীক) প্রার্থী এস এম শাহীনুজ্জামান শাহীনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এ জনসভায় বিশেষ অতিথির বক্তব্য নৌকার ভোট প্রার্থনা করেন পৌর মেয়র আব্দুল কাদের। তিনি ইসলামপুর পৌরসভার মেয়র।
জানা গেছে , আব্দুল কাদের ইসলামপুর পৌরসভার টানা তৃতীয়বারের মেয়র। এবারের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র কিনেছিলেন তিনি। দলের মনোনয়ন না পেয়ে প্রতীক বরাদ্দের পর গত ২৯ ডিসেম্বর মেয়র আব্দুল কাদের তার কর্মী-সমর্থকদের নিয়ে স্বতন্ত্র (কাঁচি প্রতীক) প্রার্থী এস এম শাহীনুজ্জামান শাহীনকে সমর্থন করেন। স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দেওয়ার পর থেকেই তার সঙ্গে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের কাছে গিয়ে ভোট চান পৌর মেয়র।
নির্বাচনের প্রচারের ধারাবাহিকতায় উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে মহলগিরী ঈদগাহ মাঠে স্বতন্ত্র (কাঁচি প্রতীক) প্রার্থী এস এম শাহীনুজ্জামান শাহীনের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষের দিকে সন্ধ্যায় উপস্থিত হয়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর মেয়র আব্দুল কাদের। এ সময় তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা প্রতীক) ফরিদুল হক খানের ব্যাপক সমালোচনা করেন এবং স্বতন্ত্র (কাঁচি প্রতীক) প্রার্থী এস এম শাহীনুজ্জামান শাহীনের প্রশংসা করেন। পরে তিনি কাঁচি প্রতীকের ভোট না চেয়ে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় উপস্থিত সবাইকে দুই হাত তুলে নৌকায় ভোট দেওয়ার আহ্বান করেন। পরে উপস্থিত স্বতন্ত্র (কাঁচি প্রতীক) প্রার্থী এস এম শাহীনুজ্জামান শাহীনের ইশারা বুঝতে পেয়ে পুনরায় কাঁচি প্রতীকের ভোট চান পৌর মেয়র আব্দুল কাদের।
এ জনসভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জিয়াউল হক জিয়া (স্বতন্ত্র ঈগল প্রতীক)।