ঘন কুয়াশায় ব্যাহত ফ্লাইট

ঢাকায় নামতে পারল না ১৩টি ফ্লাইট, ৭টির কলকাতা- হায়দ্রাবাদে অবতরণ

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ঘন কুয়াশার কারণে রাজধানী ঢাকায় ব্যাহত হয়েছে বিমান চলাচল, এর ফলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি ১৩টি ফ্লাইট।

এসব ফ্লাইটের মধ্যে ৭টি ফ্লাইট ভারতের কলকাতা ও হায়দ্রাবাদে অবতরণ করেছে। বাকি ৬টি ফ্লাইট চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘন কুয়াশার কারণে বুধবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ২টা থেকে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত ফ্লাইটগুলো ডাইভার্ট হয়ে এসব বিমানবন্দরে অবতরণ করে। সকাল ৯টা ৪০ মিনিটের পর ডাইভার্ট ফ্লাইটগুলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফিরে আসা শুরু করে।

অবতরণ করতে না পারা ফ্লাইটগুলোর মধ্যে কলকাতায় অবতরণ করে কুয়েত থেকে আসা জাজিরা এয়ারওয়েজ, ওমানের মাস্কাট থেকে আসা সালাম এয়ার, কুয়ালালামপুর থেকে আসা এয়ার এশিয়া, শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়া, চীনের গুয়াংঞ্জু ও কুয়ালালামপুর থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট।

এছাড়াও রিয়াদ থেকে আসা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের (সাউদিয়া) ফ্লাইটটি কুয়াশার আগাম খবরে মাঝপথে হায়দ্রাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের শারজাহ, গুয়াংঞ্জুসহ বেশ কয়েকটি এয়ারলাইন্সের বাকি ফ্লাইটগুলো সিলেট ও চট্টগ্রামে অবতরণ করে।

এর আগে ঘন কুয়াশার কারণে দৃষ্টি সীমা কমে যাওয়ায় ২ জানুয়ারি সোমবার দিনগত রাত ১২টার পর ৮ ঘণ্টায় ছয়টি আন্তর্জাতিক ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। ডাইভার্ট হয়ে চলে যায় সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দরে। পরে মঙ্গলবার সকাল ৯টার পর বিমানগুলো ফিরে আসে শাহজালাল বিমানবন্দরে।