প্রোটিয়াদের ১৭৬ এর ১০৬ রানই মার্করামের

এবার উইকেটের ছক্কা বুমরার, ভারতের লক্ষ্য ৭৯ রান

জাসপ্রিত বুমরার উইকেটের ছক্কায় দ্বিতীয় ইনিংসে ১৭৬ রানে গুটিয়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। কেপটাউন টেস্টের প্রথম দিনে বিরল ২৩ উইকেট পতনের সাক্ষী হয় পৃথিবী। এমনকি কোনো রান না তুলেই ১১ বলের ব্যবধানে পতন হয় ভারতের শেষ ৬ উইকেট। দ্বিতীয় দিনে এসেও সেই ধারা বজায় থাকল অনেকটা।

৩ উইকেটে ৬২ রান নিয়ে দিন শুরু করা প্রোটিয়ারা বোর্ডে আর ১১৪ রান তুলতেই হারিয়ে বসে সাত উইকেট। স্বাগতিকদের হয়ে দারুণ সেঞ্চুরি করেন এইডেন মার্করাম। দলের রানের ৬০.২৩ শতাংশই আসে তার ব্যাট থেকে। সিরিজে সমতায় আসতে তাই ভারতের প্রয়োজন ৭৯ রান।

আগের দিন এক উইকেট পাওয়ার পর এদিন আরও ৫ উইকেট শিকার করেন বুমরা। ১৩.৫ ওভার বোলিংয়ে ৬১ রান খরচায় তার শিকার ৬ উইকেট। ক্যারিয়ারে তৃতীয়বার হাঁকালেন উইকেটের ছক্কা। ৯ম পাঁচ বা বেশি উইকেট শিকার।

দক্ষিণ আফ্রিকায় নিজের শিকারের সংখ্যায় মোহাম্মদ শামির ৩৫ উইকেটকে ছাপিয়ে গেলেন বুমরা। ৩৮ উইকেট নিয়ে ভারতীয় বোলারদের মধ্যে তার অবস্থান এখন তিনে। জাভাগাল শ্রীনাথ ৪৩ ও অনিল কুম্বলে ৪৫ উইকেট নিয়ে আছেন তার উপরে। দক্ষিণ আফ্রিকার মাটিতে এটি তার তৃতীয় পাঁচ বা বেশি উইকেট শিকার। ১৮ উইকেট নিয়ে কেপটাউনে সফরকারী বোলারদের মধ্যেও দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছেন বুমরা। ২৫ উইকেট নিয়ে তার উপরে আছেন ইংল্যান্ডের কলিন ব্লাইথ।

প্রোটিয়া ইনিংসে একমাত্র অর্জন এইডেন মার্করামের সেঞ্চুরি। ১০৩ বলে ১৭ চার ও ২ ছক্কায় ১০৬ রানের ইনিংস খেলেন মার্করাম। কিন্তু তাকে সঙ্গ দিতে পারেননি আর কেউ। দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান এসেছে আগের দিন, ডিন এলগারের ব্যাট থেকে। প্রথম ইনিংসে ৬ উইকেট শিকার করা মোহাম্মদ সিরাজ এ ইনিংসে ফিরিয়েছেন শুধু মার্করা্মকে। গতদিনের দুিই উইকেটের পর আর সফলতা পাননি মুকেশ কুমার। তবে প্রসিধ কৃষ্ণা একটি উইকেট নেন।