সাতক্ষীরায় ফেরত নেওয়া হলো তৃতীয় শ্রেণির ৩২ হাজার বই

বছরের শুরুতেই শিক্ষার্থীদের নতুন বই দিয়েছে সরকার। বইয়ে কাগজের মান নিম্নমানের এবং ছাপা স্পষ্ট নয় বলে অভিযোগ উঠেছে। মুদ্রণবিভ্রাটে সাতক্ষীরার শিক্ষার্থীদের দেওয়া তৃতীয় শ্রেণির ইসলাম শিক্ষার ৩১ হাজারের বেশি বই ফেরত নেওয়া হয়েছে।

বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন সাতক্ষীরা সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল। তিনি বলেন, ‘সাতক্ষীরা জেলায় সাতটি উপজেলা থেকে তৃতীয় শ্রেণির ৩২ হাজার বই আমরা সংগ্রহ করছি। তার মধ্যে ছয়টি উপজেলার বইয়ে আমরা কোনরকম ভুল পাইনি। সদর উপজেলার তৃতীয় শ্রেণির কিছু বইয়ে অসঙ্গতি আছে। সেগুলো যাচাই বাচাই করা হচ্ছে।’

বইয়ে কাভার পেজে ছবি নিয়ে ওঠা বিতর্ক সম্পর্তে তিনি বলেন, ‘এটা কেউ হয়তে এডিটিং করতে পারে। এমনটি আমরা এখনো পাইনি। তবে এরকম অসঙ্গতি পেলে তদন্ত করা হবে।’

পহেলা জানুয়ারি সারা দেশে বই উৎসব করে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। বই বিতরণের একদিন পর থেকে সাতক্ষীরা তৃতীয় শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা বই ফেরত নেওয়া হচ্ছে। বইয়ের মলাট নিয়ে জেলা জুড়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘প্রায় ৩১ কোটির মধ্যে কিছুসংখ্যক বইয়ে ভুলভ্রান্তি বা ছাপার কাজ কিছু খারাপ হওয়া অসম্ভব নয়। তবে নিয়ম অনুযায়ী, মুদ্রণবিভ্রাট ও ভুলত্রুটি হলে তা ১৫ দিনের মধ্যে ঠিক করে দেওয়া হয়।’ 

তিনি বলেন, সাতক্ষীরায় অল্প কিছু বইয়ে মুদ্রণবিভ্রাট হয়েছে, সব জায়গায় নয়। বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।’